প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ‘পণ্যের দাম বাড়াচ্ছে পুলিশের চাঁদাবাজি’ শিরোনামের সংবাদের একাংশের প্রতিবাদ করেছেন হাইওয়ে পুলিশ সুপার (পশ্চিমাঞ্চল) ইসরাইল হাওলাদার।প্রতিবাদপত্রে বলা হয়, প্রথম আলোতে তাঁকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘রাত্রিকালীন মহাসড়কের নিরাপত্তার বিষয়টি হাইওয়ে পুলিশ দেখলেও যানবাহন থামিয়ে কাগজপত্র তল্লাশি করে অন্য পুলিশ। চাঁদাবাজির ঘটনা ঘটে থাকে কাগজপত্র তল্লাশির সময়ই।’ কিন্তু এই বক্তব্য তাঁর নয় বলে দাবি করেছেন ইসরাইল হাওলাদার। চাঁদাবাজির বিষয়ে তাঁর সঙ্গে প্রতিবেদকের কোনো কথা হয়নি বলেও দাবি করেন তিনি।প্রতিবাদপত্রে ইসরাইল হাওলাদার বলেন, ‘সম্ভবত গত ২০ জুলাই ওই প্রতিবেদকের সঙ্গে হাইওয়ে পুলিশের পশ্চিমাঞ্চলে বিগত ছয় মাসের ডাকাতির সংখ্যা, বগুড়া মহাস্থান থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত হাইওয়ে পুলিশের থানা/ফাঁড়ির অবস্থান এবং কড্ডার মোড় (সিরাজগঞ্জ) ও বঙ্গবন্ধু সেতুর কাছে তল্লাশির বিষয়ে আমার কথা হয়। কিন্তু কথোপকথনের কোনো পর্যায়েই আমি ওপরের বক্তব্য দিইনি। প্রকাশিত সংবাদে আমার কথার হুবহু প্রতিফলন ঘটেনি।’