প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৫ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘রাঙামাটি অশান্ত কার ইন্ধনে?’ শিরোনামে প্রকাশিত প্রধান প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সমিতির সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা স্বাক্ষরিত এক প্রতিবাদপত্রে প্রকাশিত সংবাদটিকে একপেশে, অস্পষ্ট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রকাশিত সংবাদে আওয়ামী লীগ, বিএনপি এবং পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের বক্তব্য দেওয়া হয়েছে। কিন্তু সংবাদে জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক ছাড়া হামলার শিকার আদিবাসী জুম্মদের কারোরই বক্তব্য নেওয়া হয়নি। এমনকি ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান, ভবন, এনজিও এবং দোকানপাটের মালিক কিংবা কর্তৃপক্ষের কোনো বক্তব্য নেওয়া হয়নি।প্রতিবাদপত্রে আরও বলা হয়, জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক প্রথম আলোর প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় দুজন পাহাড়ি-বাঙালি ছাত্রের মধ্যকার হাতাহাতিকে ‘তুচ্ছ’ ঘটনা হিসেবে উল্লেখ না করলেও তাঁর বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তুচ্ছ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।প্রতিবাদপত্রে দাবি করা হয়, ওই দিন জুম্মদের ওপর সেটেলার বাঙালিরা একতরফা হামলা করে।