প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গতকাল শনিবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘নিয়মনীতি মানা হয়নি: কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন পেল এক্সিম ব্যাংক’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ। এতে বলা হয়, প্রকাশিত প্রতিবেদন অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত, যা এক্সিম ব্যাংকের সুনাম নষ্ট করেছে।এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল এ কে এম নুরুল ফজল বুলবুলের সই করা প্রতিবাদে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সব কর্তৃপক্ষের সব রকম নিয়মনীতি মেনেই এক্সিম ফাউন্ডেশনের আওতায় দেশের উত্তরাঞ্চলের দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের জন্য অলাভজনক এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিবাদপত্রে আরও বলা হয়, এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের কারও সঙ্গে কোনো রকম যোগাযোগ না করেই ফাউন্ডেশনের চেয়ারম্যানকে হেয় করার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের জন্য ভাড়া নেওয়া ভবনের মালিক মো. নজরুল ইসলাম মজুমদার ও আওয়ামী ঘরানার কয়েকজন ব্যবসায়ী মর্মে প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মর্মে দাবি করা হয়। প্রতিবেদকের বক্তব্য: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ার আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সরেজমিন প্রতিবেদন নেওয়া হয়। কিন্তু এ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তা করা হয়নি। এমনকি গতকাল পর্যন্ত সরেজমিন প্রতিবেদন সম্পন্ন হয়নি মর্মে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি নিশ্চিত করেছে। তবে প্রতিবেদন ছাড়াই শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া যেতে পারে বলে ইউজিসি মন্ত্রণালয়কে চিঠি দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার জন্য প্রথমে ফাউন্ডেশনের সদস্য হাবিবুল্লাহ ডনের মুঠোফোনে কথা হয়। তিনি বিশ্ববিদ্যালয়টি অনুমোদনের বিষয়টি অবগত নন বলে জানান এবং চেয়ারম্যান নজরুল ইসলামের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। কিন্তু চেষ্টা করেও চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রতিবেদনে ভবনের মালিক নয়, বিশ্ববিদ্যালয়ের মালিক হিসেবে নজরুল ইসলাম মজুমদার ও আওয়ামী ঘরানার কয়েকজন ব্যবসায়ীর কথা বোঝানো হয়েছে।