প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্রথম আলোতে ২১ জুলাই প্রকাশিত ‘চট্টগ্রাম নগরে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কার্যক্রম বন্ধ’ শীর্ষক প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন দীপক বড়ুয়ার আইনজীবী শাহিদা সুলতানা।
প্রতিবাদলিপিতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের কিছু ব্যক্তি মিথ্যা প্রতিবেদনের মাধ্যমে একটি মজবুত ভবনকে ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে দীপক বড়ুয়ার ক্ষতি করার চেষ্টা করছে। চট্টগ্রাম সিটি করপোরেশন নোটিশ দিলে তার বিরুদ্ধে রিট পিটিশন করা হলে সুপ্রিম কোর্ট তা স্থগিত করেন। বর্তমানে তা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। দালান ঝুঁকিপূর্ণ বিষয়ে বুয়েট ও চুয়েটের বিশেষজ্ঞ ছাড়া কোনো মন্তব্য বা প্রতিবেদন করা অনুচিত।
প্রতিবেদকের বক্তব্য: চট্টগ্রামের সদরঘাট এলাকার বড়ুয়া ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছিলেন। আদালতের নিষেধাজ্ঞায় তা বর্তমানে বন্ধ আছে। ভবন উচ্ছেদের আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।