প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৬ অক্টোবর প্রথম আলোর ৯-এর পাতায় ‘কমিটি নিয়ে আ.লীগে গৃহদাহ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হাশেম চৌধুরী।
প্রতিবাদপত্রে বলা হয়, তিনি ও আহ্বায়ক নাসিরুল ইসলাম খান একজোট হয়ে গত ২৭ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ইউনিয়ন ও পৌরসভার সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন বলে যে তথ্য ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তা সত্য নয়। ওই সভাতেও তিনি উপস্থিত ছিলেন না। কারণ, তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতি করছেন না। আর তাঁকে উদ্ধৃত করে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সম্পর্কে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর নির্দেশে একটি পক্ষ পাল্টা সম্মেলনের তারিখ ঘোষণা করেছে। তাঁরা করিমগঞ্জ আওয়ামী লীগের কেউ নন। দলে বিভেদ সৃষ্টি করে তাঁরা ফায়দা লুটতে চান। প্রকৃতপক্ষে এ কথাগুলো তাঁর নয়।