প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ১৩ মার্চ ‘নিউইয়র্কের বইমেলায় অংশ নেবে না প্রকাশক সমিতি’ শিরোনামে প্রকাশিত বিজ্ঞপ্তির প্রতিবাদ জানিয়েছে মুক্তধারা ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার ফাউন্ডেশনের পাঠানো এক প্রতিবাদলিপিতে বলা হয়, প্রকাশিত বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট কর্তৃক রেজিস্ট্রিকৃত ‘মুক্তধারা ফাউন্ডেশন ইঙ্ক’ একটি অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। নিউইয়র্কে প্রতিষ্ঠিত মুক্তধারা ফাউন্ডেশন ইঙ্ক বাংলাদেশের ব্যক্তিমালিকানাধীন প্রকাশনা সংস্থা ‘মুক্তধারা’র সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়।
আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক রোকেয়া হায়দার ও প্রধান সমন্বয়কারী বিশ্বজিৎ সাহা স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়, বিজ্ঞপ্তি দিয়ে যাঁরা মুক্তধারা ফাউন্ডেশন ইঙ্কের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত, তাঁদের অনেকেই ফাউন্ডেশনের আমন্ত্রণে বাংলা উৎসব ও বইমেলায় অংশ নিয়েছেন। নিজেদের প্রকাশনাসহ পরিবার-পরিজন নিয়ে তাঁরা আমেরিকা ভ্রমণের সুযোগ গ্রহণ করেছেন।
১৩ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে বইমেলাকে ‘বারোয়ারি’ বলাকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে জানানো হয়, মুক্তধারা ফাউন্ডেশন ২৩ বছর ধরে বহির্বিশ্বে বইমেলার আয়োজন করে চলেছে। ২০০৭ সাল থেকে বইমেলা রূপান্তরিত হয় আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলায়। বর্ধিত কলেবরে বইয়ের পাশাপাশি বাংলা ও বাঙালির কৃষ্টি এবং ঐতিহ্যের সম্মিলন ঘটাতে বাংলাদেশের বিভিন্ন হস্ত ও কুটিরশিল্প, জামদানি শাড়ি, নকশিকাঁথা ইত্যাদিও উৎসবে স্থান পেতে শুরু করে। বিজ্ঞপ্তি।