প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার প্রথম আলোর বিশাল বাংলায় প্রকাশিত ‘বিজিবির সঙ্গে সংঘর্ষে আহত তরুণের মৃত্যু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উপস্থাপিত কিছু বিষয়ের প্রতিবাদ জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।
গতকালই বিজিবির মহাপরিচালকের পক্ষে জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, ১০ মে ভোর পাঁচটায় দিনাজপুরের হিলি সীমান্তের বিপরীতে ভারতীয় এলাকা থেকে চোরাকারবারিরা মালামাল নিয়ে বাংলাদেশের সীমান্তে ঢুকছিল। তখন মো. সায়েম নামের এক বাংলাদেশি চোরাকারবারিকে আটক করে বিজিবি। কিছুক্ষণ পর চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবির ওপর হামলা চালিয়ে সায়েমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই সময় জাপটে ধরে রাখা একজন বিজিবি সদস্যসহ সংঘবদ্ধ চোরাকারবারিদের লাঠির আঘাতে সায়েম আহত হয়। এই সুযোগে চোরাকারবারিরা সায়েমকে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার ভোরে সায়েম মারা যায়।
প্রতিবেদনে এলাকাবাসীর বরাত দিয়ে বিজিবি সদস্যদের হাতে চায়নিজ কুড়াল থাকা ও সায়েমের মাথায় কোপ মারার তথ্য মিথ্যা ও উদ্দেশ্যমূলক বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, বিজিবি সদস্যদের জন্য কুড়াল বরাদ্দ নেই এবং তা নিয়ে দায়িত্ব পালন করেন না। এ ছাড়া তাঁরা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে আটক করেন না।