প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় গত ৩০ এপ্রিল ‘পুরাকীর্তির বিকৃতি’ ও ১ মে ‘ভেঙে ফেলা হবে কুতুবশাহীর নতুন স্থাপনা’ শিরোনামে প্রকাশিত সংবাদ দুটির একাংশের প্রতিবাদ করেছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু। উপজেলাবাসীর পক্ষে পাঠানো প্রতিবাদে দাবি করা হয়েছে, বাংলাদেশে ইসলাম প্রচারক সুফি দরবেশের মধ্যে অন্যতম হলেন বিখ্যাত অলি হজরত শাহ কুতুব (র.)। অষ্টগ্রাম উপজেলা সদরে তাঁর নামানুসারে পাঁচ গম্বুজবিশিষ্ট মসজিদ আছে। মসজিদের পাশেই রয়েছে তাঁর মাজার। ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত বিভিন্ন গ্রন্থে তা উল্লেখ আছে। সংবাদে মাজার লাগোয়া বাড়ির লোকজন মাজার সৃষ্টি করেছে—এমনটি প্রকাশ করায় ইতিহাস বিকৃতি ঘটেছে। প্রতিবাদে আরও দাবি করা হয়েছে, বর্তমানে জনৈক ভক্ত মাজার শরিফের সৌন্দর্য বৃদ্ধি ও জিয়ারতের সুবিধার্থে মাজারের সাবেক নির্ধারিত স্থানে নতুন স্থাপনা নির্মাণ করছেন। এতে করে ঐতিহাসিক পুরাকীর্তির ক্ষতির কোনো কারণ আছে বলে তাঁরা মনে করছেন না।