প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গতকাল বৃহস্পতিবার প্রথম আলোতে ‘আসকের নয় মাসের সংখ্যাগত প্রতিবেদন: ক্রসফায়ার ও হেফাজতে মৃত্যু ১৪৮’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর বলেছে, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) বক্তব্য অসত্য, বিভ্রান্তিকর ও নাশকতামূলক প্রচারণার শামিল। বাংলাদেশ পুলিশ এই নাশকতামূলক প্রচারণার তীব্র নিন্দা জানাচ্ছে।
প্রতিবাদপত্রে বলা হয়েছে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে পুলিশ প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ অস্ত্রধারী, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। চলতি বছরের আট মাসে পুলিশ ৩ হাজার ৫৮৮টি অস্ত্রসহ ২ হাজার ২৫৪ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেনি। তবে কখনো সন্ত্রাসীরা পুলিশকে চ্যালেঞ্জ জানিয়েছে। পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছে।
প্রতিবাদপত্রে বলা হয়, ‘সন্ত্রাসীরা এ দেশের পুলিশ, বিচারক থেকে শুরু করে নানা পেশার মানুষের ওপর হামলা চালিয়েছে, হত্যা করেছে। এ বছরের জুলাই মাসে কক্সবাজার এবং মেহেরপুর জেলায় দুজন পুলিশ খুন হয়েছেন। কুমিল্লায় কর্তব্যরত পুলিশকে গাড়িচাপা দিয়েছে। সন্ত্রাসীদের হামলায় পুলিশ মারা যাবে, আর তারা নির্বিকার তাকিয়ে থাকবে—পৃথিবীর কোনো দেশের আইন এ কথা বলে না। এ রকম পরিস্থিতিতে যখন পুলিশ দেখে তার জীবন বিপন্নপ্রায়, তখন সে আত্মরক্ষার জন্য গুলি চালাতে পারে। আইন তাকে সে অধিকার দিয়েছে।’
পুলিশ সদর দপ্তরের প্রতিবাদপত্রে আরও বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুসন্ধান বা বিচারিক প্রক্রিয়ায় অপরাধ প্রমাণিত না হওয়া বা তদন্তাধীন বা বিচারাধীন অবস্থায় সে সম্পর্কে মন্তব্য করা পুলিশের ওপর দোষ চাপানোর শামিল। এ দেশের আইন অনুযায়ী কোনো এনজিও ম্যাজিস্ট্রেসি বা বিচারিক ক্ষমতাপ্রাপ্ত নয়। পুলিশের ওপর তাদের দোষ চাপানো এ দেশের আইনকে চ্যালেঞ্জ জানানোর শামিল। আইনবহির্ভূতভাবে দোষ চাপানোটা বাংলাদেশ পুলিশের জন্য মানহানিকর। তথ্যযুদ্ধের এই যুগে বিদেশি টাকায় চলা নানা প্রতিষ্ঠান নানা নামে নানা ধরনের অপপ্রচার চালায়।
তবে এ বিষয়ে আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান বলেন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে বহু বছর ধরে এই প্রতিবেদন তৈরি করে আসছে আইন ও সালিশ কেন্দ্র। দেশের প্রচলিত আইন অনুযায়ীই প্রতিষ্ঠানটি পরিচালিত হয়।