প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৯ এপ্রিল প্রথম আলোতে ‘তিন শিক্ষকের একজন সাময়িক বরখাস্ত’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক বর্ণনা ভৌমিক। প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘সংবাদে উল্লেখ করা হয়েছে, “একজন শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।” খবরের এই অংশটির সঙ্গে আমার বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও আমার বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ উপস্থাপন করেনি। সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তির বরাতে প্রকাশিত খবরে আমার নাম যুক্ত করায় আমি বিস্মিত হয়েছি। এ ধরনের খবর আমাকে জনসমক্ষে হেয় করেছে। এ ছাড়া প্রকাশিত খবরে “১১ এপ্রিল অনুষ্ঠিত প্ল্যানিং কমিটির সভায় অধ্যাপক পদে নিয়োগ ও নবীনবরণ অনুষ্ঠানের অনিয়ম নিয়ে আপত্তি তোলেন মীর মোশারেফ হোসেন, প্রভাষক বর্ণনা ভৌমিক ও প্রিয়াংকা স্বর্ণকার।” সংবাদের এই অংশে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা আদৌ সত্য নয়। আমি প্ল্যানিং কমিটির কোনো সদস্য নই। সুতরাং প্ল্যানিং কমিটির সভায় এসব বিষয় উত্থাপনের কোনো প্রশ্নই আসে না। অথচ এখানে আমার নাম যুক্ত করা হয়েছে।’
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবাদলিপির দ্বিতীয় অংশে ভুলবশত বর্ণনা ভৌমিক ও প্রিয়াংকা স্বর্ণকারকে প্ল্যানিং কমিটির সভায় অধ্যাপক পদে নিয়োগে আপত্তি তুলেছেন বলে উপস্থাপন করা হয়েছে। তাঁরা দুজন বিভাগের প্ল্যানিং কমিটির সদস্য নন। অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত।