প্রকাশিত সংবাদের প্রতিবাদ
১৩ ডিসেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘অযত্ন অবহেলায় বধ্যভূমি’ শিরোনামের প্রতিবেদনের ‘বধ্যভূমির জায়গায় পাকা স্থাপনা’ অংশের প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর-২ আসনের সাবেক সাংসদ মো. শাহ আলম। তিনি দাবি করেছেন, তাঁর সঙ্গে যোগাযোগ না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদটি প্রকাশ করা হয়েছে। ১৯৮৮ সালে তিনি নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামে ওই জমি কিনে বাড়ি করেছেন। ওই স্থানটি সরকারি বা বেসরকারিভাবে বধ্যভূমি হিসেবে চিহ্নিত করা হয়নি। প্রতিবেদনে যে ডোবার কথা বলা হয়েছে তা তাঁর স্থাপনার বাইরে।
প্রতিবেদকের বক্তব্য: স্থানীয় লোকজন ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি করা হয়েছে। স্থানীয়রা বলেছেন, সোহাগদল গ্রামের ইন্দুবাড়ি গাবতলা বধ্যভূমির ডোবাটি ভরাট করে সেখানে পাকা স্থাপনা করা হয়েছে। ইউএনওর কার্যালয় থেকে করা বধ্যভূমির তালিকায় ইন্দুবাড়ি গাবতলা বধ্যভূমির নাম রয়েছে। এ ছাড়া বধ্যভূমি নিয়ে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের তৈরি করা প্রতিবেদনেও এ সম্পর্কে তথ্য রয়েছে। শাহ আলমের বক্তব্য নেওয়ার জন্য প্রথম আলোর ঢাকা অফিস থেকে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।