প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় ১৭ জানুয়ারি প্রকাশিত ‘সাভারে অস্ত্রোপচারের সময় মৃত্যু, প্রসূতির লাশ টেবিলে রেখে পালালেন চিকিৎসক’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসক সামছুন নাহার। তিনি দাবি করেছেন, অস্ত্রোপচারের পর নয়নতারা নামের ওই প্রসূতির মৃত্যুর খবর তাঁর অভিভাবকদের দেন। এরপর তিনি ও অবেদনবিদ নাজমুল হুদা পরিস্থিতি প্রতিকূল দেখে স্বাস্থ্যকেন্দ্র ত্যাগ করেন। প্রসূতির রক্তনালি কেটে ফেলার তথ্যও ঠিক নয়। তিনি আরও দাবি করেন, তিনি এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী রেজিস্ট্রার। এ–সংক্রান্ত কাগজপত্র প্রথম আলোকে দেখিয়েছেন। ঘটনার দিন তাঁর মুঠোফোন বন্ধ থাকার তথ্যও ঠিক নয়।
প্রতিবেদকের বক্তব্য: সাভার পৌরসভার গেন্ডা এলাকার মনামী স্বাস্থ্যকেন্দ্রে লাশ টেবিলে রেখে পালানোর তথ্য পাওয়া যায় পুলিশ ও প্রসূতির স্বজনদের কাছ থেকে। এটি প্রথম আলোর বক্তব্য নয়।
এ ছাড়া গত সোমবার ঘটনার পর জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক বলেন, ঘটনা তদন্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ জয়নব আক্তারকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অস্ত্রোপচারের সময় সামছুন নাহার প্রসূতি নয়নতারার একটি রক্তনালি কেটে ফেলেন।
স্বাস্থ্যকেন্দ্রে সাইনবোর্ডে চিকিৎসক সামছুন নাহারের তথ্যের সূত্র ধরে জানতে চাইলে এনাম মেডিকেলের পরিচালক আনোয়ারুল কাদির বলেছিলেন, এই নামে তাঁদের কোনো চিকিৎসক বা সহকারী রেজিস্ট্রার নেই। ঘটনার পর তাঁর মুঠোফোনে যোগাযোগ করলে এক নারী অন্য একটি নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন। কিন্তু সেই নম্বরেও তাঁকে পাওয়া যায়নি।