প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২১ জুলাই প্রথম আলোর দ্বিতীয় পৃষ্ঠায় ‘সাংবাদিক হেলাল উদ্দিন কারাগারে’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়। এতে উল্লিখিত দুই আইনজীবীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন যুগান্তর-এর ইকোনমিক এডিটর হেলাল উদ্দিন।
প্রতিবেদনে বাদীপক্ষের আইনজীবীর বরাতে বলা হয়, মামলার বাদী হাফিজুরের সঙ্গে এক নারীর আপত্তিকর ছবি জুড়ে তা প্রকাশের হুমকি দিয়ে হেলাল উদ্দিন দুই লাখ টাকার চাঁদা দাবি করেন। এ প্রসঙ্গে হেলাল উদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তি আইনের মূল মামলার সম্পূরক চার্জশিট হিসেবে বাদীর মাধ্যমে প্রভাবিত হয়ে তদন্ত কর্মকর্তা পর্নোগ্রাফি আইনে অভিযোগ আনেন, যা সাজানো ও সুপরিকল্পিত।
প্রতিবেদনে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস পালকে উদ্ধৃত করে তথ্য গোপন করে সাংবাদিক হেলালের হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়া এবং পরে হাইকোর্টের নির্দেশে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার কথা বলা হয়। এ বিষয়ে তাপস পাল এক চিঠিতে বলেন, এরূপ বক্তব্য তিনি আদালতে দেননি বা আদালত প্রতিবেদকের কাছেও বলেননি।
প্রতিবাদে হেলাল উদ্দিন বলেন, প্রতিবেদনে তাঁর পক্ষের আইনজীবীর কোনো বক্তব্য নেই। তাঁকে কারাগারে পাঠানো নিয়ে প্রকাশিত এই প্রতিবেদনের মাধ্যমে তাঁর পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে।