প্রকাশিত সংবাদের প্রতিবাদ
বিরোধপূর্ণ জমি ইজারা নিয়ে দখল করলেন বনমন্ত্রীর স্ত্রী’ শিরোনামে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সিরাজুল ইসলাম চৌধুরী।
জাতীয় পার্টির এই সাবেক সাংসদ বলেছেন, সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর। যে বিরোধপূর্ণ জায়গার কথা বলা হয়েছে, সেটির বন্দোবস্তি পাওয়া বৈধ মালিক তিনি এবং এটি তাঁর ভোগদখলে রয়েছে। ৩২৪ নং চেমী মৌজায় ২৫ একরের ওই জায়গা ২০১২ সালের ৭ অক্টোবর ৪০ বছরের জন্য বৈধভাবে বান্দরবান জেলা প্রশাসকের দপ্তর থেকে লিজ বা বন্দোবস্তি লাভ করেছেন। প্রশাসন থেকে কানুনগোসহ অন্য কর্মকর্তারা সরেজমিনে জায়গাটি চৌহদ্দিসহ তাঁকে বুঝিয়ে দিয়েছেন। প্রতিবাদে সিরাজুল ইসলাম বলেছেন, চেমী মৌজায় ওই ২৫ একর ভূমি বনমন্ত্রীর স্ত্রীর নামে ইজারা নিয়ে দখল নেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। জায়গাটি তিনি কাউকে হস্তান্তর করেননি। সংবাদে মন্ত্রীকে জায়গাটি উন্নয়ন করার জন্য দেওয়ার ব্যাপারেও তাঁর উদ্ধৃতি বিকৃতভাবে প্রকাশ করা হয়েছে। তিনি মূলত বলেছেন, জায়গাটি মন্ত্রীর গ্রামের পাশাপাশি হওয়ায় সেখানকার কিছু শ্রমিককে উন্নয়নকাজে নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, তাঁর বৈধ বন্দোবস্তি জমির সঙ্গে মন্ত্রী বা তাঁর পরিবারের সদস্যদের কোনো অংশীদারি নেই। প্রতিবাদে বলা হয়েছে, ইজারা জায়গায় কাপ্তাই বাঁধের ক্ষতিগ্রস্ত ও পুনর্বাসিত পরিবারের বসবাস নেই। তাঁর দাবি, বৈধভাবে পাওয়া জায়গাতে তিনি রাবারবাগান করতে শ্রমিক নিয়োগ করে উন্নয়নকাজ করছেন।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবাদপত্রে জায়গাটি বিরোধমুক্ত বলা হলেও কাপ্তাই বাঁধে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সেখানে বন্দোবস্ত থাকায় জায়গাটি বিরোধপূর্ণ। তাঁদের দলিলপত্র সংগ্রহ করা রয়েছে। বিরোধপূর্ণ বলেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত ১৪৫ ধারা জারি করেছেন। বনমন্ত্রীর স্ত্রীর নামে সিরাজুল ইসলাম চৌধুরীর ইজারা জমি হস্তান্তরের বিষয়টি জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলামের বক্তব্যের ওপর ভিত্তি করে বলা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসকের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। তবে গতকাল যোগাযোগ করা হলে জেলা প্রশাসক বলেন ‘মন্ত্রীর স্ত্রীর নামে হস্তান্তরের বিষয়টি বলার ব্যাপারটি অস্বীকার করছি না। কিন্তু আমারও ভুল হতে পারে। পরে রাজস্ব শাখায় খোঁজ নিয়ে দেখেছি, হস্তান্তর হয়নি। আমমোক্তারনামা বা পাওয়ার অব অ্যাটর্নি হয়েছে কি না, আমরা তদন্ত করে দেখছি।’