প্রকাশিত সংবাদের প্রতিবাদ
প্র্রথম আলোয় ১১ আগস্ট ‘রেলওয়ের কোটি টাকার জমি বিক্রির পাঁয়তারা’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রায়হান উদ্দিন আহমেদ। এক প্রতিবাদপত্রে তিনি দাবি করেন, চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জ রেলস্টেশন সংলগ্ন উল্লেখিত জমি ব্রিটিশ সরকার রেল স্টেশন নির্মাণের জন্য জমিদার হরিনাথ বিশ্বাসের কাছ থেকে অধিগ্রহণ ও তদানুযায়ী একটি খসড়া জরিপ ম্যাপ প্রস্তুত করে। ১৯৫৩ সালে হরিনাথ বিশ্বাসের আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্সপেক্টিং এসিস্টেন্ট কমিশনার অব ট্যাক্স, প্রভিন্স অব ইষ্ট বেঙ্গল ৩৯৯ নং আদেশ বলে অধিগ্রহণকৃত অব্যবহূত অতিরিক্ত জমির মালিকানা পুণরায় তাঁর কাছে হস্তান্তর ও ৪১৫ নং আদেশে ওই জমি বিক্রির অনুমতি প্রদান করেন। আর ১৯৫৪ সালে তিনি ও তার ছেলে উষিকেশ বিশ্বাস ওই জমিসহ মোট তিন একর ৫৪ শতক জমি রায়হানের দাদা হাজী বোরহান উদ্দিন আহমেদের কাছে বিক্রি করেন। যা পরবর্তীতে এসএ ও আরএস রের্কডভুক্ত হয় তার নামে। সম্প্রতি রেলওয়ে ওই জমি বিষয়ক একটি রেকর্ড সংশোধনের মামলা করেছে যা বিচারাধীন আছে।সংবাদের ওই জমি বিক্রির ব্যপারে যে বক্তব্য প্রকাশিত হয়েছে তাও সত্য নয়। একটি মহল তার অজ্ঞাতে স্থানীয় একটি সংবাদপত্রে বিক্রির বিজ্ঞপ্তি দিয়েছে।প্রতিবেদকের বক্তব্য: স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ, রেলওয়ে কর্মকর্তা ও উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা দাবিদারদের সঙ্গে কথা বলে ও তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এখানে প্রতিবেদকের কোনো মতামত নেই।