প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গতকাল রোববার প্রকাশিত প্রথম আলোর চতুর্থ পৃষ্ঠায় ‘চট্টগ্রাম সিটি করপোরেশন: টাকা নেই, উন্নয়নকাজ বন্ধ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুর ই ইলাহী। এতে বলা হয়, ‘সংবাদের এক অংশে আমার উদ্ধৃতি ভুলভাবে পরিবেশিত হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, মন্ত্রী মহোদয় (ডা. আফছারুল আমীন) তাঁর নিজের সংসদীয় এলাকার প্রকল্পগুলো সিটি করপোরেশনের নামে বরাদ্দ না দেওয়ার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে চিঠি দেন। এই কারণে করপোরেশনের ৩৪৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন পায়নি। উক্ত সংবাদটি আদৌ সত্য নয়। আমার বক্তব্যটি যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। প্রকল্প সম্পর্কে প্রতিবেদক আমার কাছে জানতে চাইলে আমি বলেছিলাম, প্রকল্পটির কাগজপত্র পরিকল্পনা কমিশনের চাহিদামতো ঠিকঠাক করে পুনরায় উপস্থাপনের জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী প্রকল্পের সম্পূর্ণ অর্থ জি ও বি থেকে বরাদ্দের জন্য পরিকল্পনা কমিশনকে অনুরোধ করেছেন। উল্লেখ্য যে, এ প্রকল্পটি বাতিল হয়নি বরং এর দ্রুত অনুমোদনের জন্য মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’প্রতিবেদকের বক্তব্যপ্রতিবেদনের কোথাও প্রকল্পটি বাতিল হয়েছে এমন কথা উল্লেখ নেই। বরং প্রকল্প নিয়ে দীর্ঘসূত্রতার কথাই বলা হয়েছে। মন্ত্রীর চিঠির কথা প্রতিবাদেও উল্লেখ করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রকৃতপক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তার বক্তব্যটি অপেক্ষাকৃত সংক্ষেপ করে প্রকাশিত হয়েছে।