প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় প্রকাশিত ‘মিল্ক ভিটা চুষে খাচ্ছে দুর্নীতিবাজেরা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি শফিকুর রহমান। তিনি প্রতিবেদনে প্রকাশিত সব তথ্যকে বানোয়াট দাবি করে বলেছেন, একটি মহল মিল্ক ভিটার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। গতকাল শনিবার পাঠানো এই প্রতিবাদপত্রে বলা হয়, মন্ত্রণালয়ের নির্দেশে এবং সব নিয়ম মেনেই চাকরিচ্যুতদের পুনর্বহাল করা হয়েছে। যেসব কেনাকাটা করা হয়েছে, সেগুলো নিয়ম মেনে করা হয়েছে। অবৈধভাবে অফিসের গাড়ি ব্যবহার প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, প্রতিষ্ঠানে গতিশীলতা আনতেই তিনি গাড়ি ব্যবহার করেছেন। প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে নিজের কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্রের শত ব্যস্ততার মধ্যেও প্রতিমন্ত্রী মিল্ক ভিটার সমবায়ীদের ভাগ্য উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তাঁর সম্পর্কে সংবাদ প্রকাশ করায় দেশের ভাবমূর্তি এবং মিল্ক ভিটার সদস্যদের মানসম্মান ক্ষুণ্ন হয়েছে।’ প্রতিবেদকের বক্তব্য: তদন্ত কমিটির প্রতিবেদন, মন্ত্রণালয়ে জমা পড়া অভিযোগসহ বিভিন্ন তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে। প্রতিটি অভিযোগ সম্পর্কে সহসভাপতি শফিকুর রহমানের বক্তব্য নেওয়া হয়েছিল এবং তা ছাপাও হয়েছে। মিল্ক ভিটায় দীর্ঘদিন ধরে যে ব্যাপক দুর্নীতি, অনিয়ম হয়েছে, তা সহসভাপতি ও মহাব্যবস্থাপকসহ প্রায় সব কর্মকর্তা স্বীকার করেছেন। ইতিমধ্যে এসব অনিয়মের তদন্ত শুরু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন মহাব্যবস্থাপক নাসিম আহমেদ।