প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে ১৬ মাসে ৬৯ জনকে চুক্তিতে নিয়োগ’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পক্ষ থেকে পাঠানো ওই প্রতিবাদে দাবি করা হয়, খবরটি অসত্য ও বিভ্রান্তিকর। প্রতিবাদে বলা হয়, বর্তমান উপাচার্য দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমের পরিসর বৃদ্ধি পেয়েছে। চাহিদা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে প্রয়োজনমতো লোকবল নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু বিভিন্ন দপ্তর থেকে জনবলের চাহিদা আসছে।এমতাবস্থায় সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার স্বার্থে বিভিন্ন দপ্তর ও ডিসিপ্লিনের চাহিদার পরিপ্রেক্ষিতে কিছু লোকবল নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে এ নিয়োগ করা হলেও তা চাহিদার তুলনায় অনেক কম। তা ছাড়া বিগত জোট সরকারের আমলে চাকরিচ্যুত কয়েকজনকে নিয়োগ দেওয়ার কথা বলেছে কর্তৃপক্ষ। প্রতিবেদকের বক্তব্য: খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬৯ জনকে অস্থায়ী নিয়োগ দেওয়ার তথ্য-প্রমাণ প্রতিবেদকের কাছে আছে। প্রতিবেদনের শিরোনামে চুক্তিতে নিয়োগ দেওয়ার কথা বলা হলেও বর্ণনায় অস্থায়ী নিয়োগ দেওয়ার কথা উল্লেখ আছে। প্রকাশিত সংবাদে অপ্রয়োজনীয় লোক নিয়োগের কথা বলা হয়নি। তবে জনবল নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমতি, বিজ্ঞাপনসহ প্রচলিত নিয়ম না মানা এবং উপাচার্যের আত্মীয় ও দলীয় লোক নিয়োগের কথা বলা হয়েছে।