প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রথম আলোয় গতকাল শনিবার প্রকাশিত ‘টেলিটকের বিরুদ্ধে অনুমোদনহীন যন্ত্রপাতি আমদানির অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছে টেলিটক কর্তৃপক্ষ। এতে বলা হয়, বর্তমানে আমদানিকৃত সব মালামাল বিটিআরসির অনুমোদনপ্রাপ্ত। এর মধ্যে কিছু মালামাল টেলিটকের আগের কার্যাদেশের আওতায় আসার কথা ছিল। কিন্তু তখন শিপমেন্টে বাদ পড়ার কারণে পুনরায় শিপমেন্ট হয়েছে। গত ৩১ মার্চ যৌথ নিরীক্ষণের সময় প্যাকিং লিস্টের সঙ্গে মালামালের গরমিল পাওয়া যায়নি। ৫১২টি অপটিক্যাল ডিস্ক সফটওয়্যার আমদানির তথ্যও ভুল।প্রতিবেদকের বক্তব্য: গত ৩১ মার্চ যৌথ নিরীক্ষণের সময় ৫১২টি ডিস্ক সফটওয়্যারের অস্তিত্ব পাওয়া গেছে। প্রথম আলোর সংগ্রহে থাকা প্যাকিং লিস্টেও ৫১২টি ডিস্ক সফটওয়্যার আমদানির বিষয়টির উল্লেখ আছে। এ চালানে যে আগের চালানের পণ্য আছে তা পণ্যের ইনভয়েসে (আমদানি তালিকা) নেই।নিয়ম অনুযায়ী টেলিযোগাযোগ খাতের যেকোনো পণ্য আমদানির আগে বিটিআরসির অনুমোদন নিতে হয়। এ চালানের ক্ষেত্রে পণ্য দেশে আসার পর বিটিআরসির অনুমোদন নেওয়া হয়। তাও আবার অনুমোদনের প্রথম তালিকা দেখানোর পর পণ্যের অমিল পাওয়ায় দ্বিতীয় তালিকা জমা দেওয়া হয়। এতেও অমিল পাওয়ায় আমদানির চার মাস পরও পণ্যের চালান বন্দরে আটকে আছে। সর্বশেষ যৌথ নিরীক্ষায় অমিল পাওয়ায় পণ্যের চালানটি গতকাল পর্যন্ত খালাস করতে দেওয়া হয়নি।