প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোতে গত শুক্রবার ‘প্রতারক চক্রের ৩০ কোটি টাকা জব্দ, ইউনিপে টুইউ সোনা বিক্রির নামে অভিনব কায়দায় অর্থ সংগ্রহ করছে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে ইউনিপে টুইউ বাংলাদেশ লিমিটেড।প্রতিবাদপত্রে বলা হয়, ‘খবরে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ বলে প্রকাশিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। প্রচলিত মানি লন্ডারিং আইন অনুযায়ী ব্যাংক হিসাব জব্দের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট আদালতের নির্দেশনা প্রয়োজন। প্রতিষ্ঠান সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টির জন্য সুপরিকল্পিতভাবে কাল্পনিক তথ্য প্রকাশ করা হয়েছে।’প্রতিবাদপত্রে আরও বলা হয়, বাংলাদেশের কথিত এমএলএম কোম্পনি জিজিএন বা নিউওয়ের মতো কর্মকাণ্ড ইউনিপে টুইউ বাংলাদেশ করে না। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির হুসেন এমএলএম কোম্পানি জিজিএন বা নিউওয়ের কোনো কর্তাব্যক্তিও ছিলেন না।প্রতিবাদে কোম্পানিটি দাবি করে, ইউনিপে টুইউ বাংলাদেশ প্রচলিত আইনের অধীন নিবন্ধিত একটি যৌথ উদ্যোগের কোম্পানির স্থানীয় প্রতিনিধি। তারা বিশ্বব্যাপী ই-কমার্স ব্যবস্থার মাধ্যমে মাল্টিলেভেল ট্রেডিং করছে। তাদের সব ধরনের কাজ সম্পন্ন হয় ইন্টারনেটের মাধ্যমে। প্রতিষ্ঠানটি কেবল মধ্যস্থতা বা কমিশন এজেন্টের কাজ করে। ব্যবসায়ী লেনদেনের ক্ষেত্রে রূপক অর্থে গোল্ড পেপারের ব্যবহার হয়, কোনো বাস্তবপণ্য হস্তান্তরিত হয় না। স্বর্ণ কেনা বা বুলিয়ন মার্কেটে লেনদেন অথবা লন্ডন, জুরিখ ও নিউইয়র্কের বাজারে তারা কোনো লেনদেন করে না। এ ক্ষেত্রে প্রতারণা করার কোনো প্রশ্নই ওঠে না। প্রতিবেদকের বক্তব্য: অভিনব কায়দায় ফন্দি করে জনগণের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার কাজে যুক্ত এই আন্তর্জাতিক চক্রকে প্রথম আলো চিহ্নিত করেনি, এটিকে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ইউনিপের বিভিন্ন ব্যাংক হিসাবে জমা হওয়া প্রায় ৩০ কোটি টাকা জব্দ করার নির্দেশ দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে।এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের কাছে চিঠি দিয়ে ইউনিপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সাময়িকভাবে ৩০ দিনের জন্য লেনদেন নিষিদ্ধ করেছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯-এর ২৩ (১) (গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক গত ১৩ মে এই নির্দেশ দেয়। এ সংক্রান্ত প্রমাণাদি প্রথম আলোর কাছে রয়েছে।ইউনিপে টুইউ নামের এই প্রতিষ্ঠান সোনা বিক্রির নামে অভিনব ও লোভনীয় প্রস্তাব দিয়ে (১০ মাসে টাকা দ্বিগুণ হওয়া) সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আসছে। এ তথ্য অনেক গ্রাহক যেমন জানিয়েছেন, তেমনি প্রতিষ্ঠানটির এমডি মুনতাসির হুসেনও প্রথম আলোর কাছে স্বীকার করেছেন, যা প্রকাশিত প্রতিবেদনে উল্লেখও রয়েছে। মুনতাসির হুসেনও বলেছেন, গ্রাহকেরা স্বর্ণ কেনার জন্য টাকা বিনিয়োগ করেন, কিন্তু স্বর্ণ গ্রাহকেরা হাতে পাবেন না। এসব স্বর্ণ লন্ডন, জুরিখ ও নিউইয়র্কের বিশেষায়িত ‘বুলিয়ন মার্কেটে’ অনুমোদিত ভল্টে থাকবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটেও এ সংক্রান্ত তথ্য রয়েছে। এ ছাড়া মাত্র ১০ মাসে টাকা দ্বিগুণ হওয়ার অবিশ্বাস্য মুনাফা কীভাবে সম্ভব, সে ব্যাপারেও কিছু উল্লেখ করা হয়নি। আর কথিত এমএলএম কোম্পনি জিজিএন বা নিউওয়ের মতো কাজ করার কথা বলেছেন ইউনিপে টুইউ বাংলাদেশের এমডি মুনতাসির হুসেন। আর তিনি যে এর আগে নিউওয়ের সঙ্গে যুক্ত ছিলেন, সেটাও তিনি প্রথম আলোকে বলেছেন।এ ছাড়া নিউওয়ে বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকেও প্রতিবেদনের একাংশের তথ্যের প্রতিবাদ করেছেন। তবে তাতে প্রকারান্তরে প্রথম আলোতে প্রকাশিত তথ্যই পুনরুল্লেখ করা হয়।