প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় গত ১৪ আগস্ট ‘পটিয়ায় সরকারি পাহাড়ে আবাসন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে শামীম রিয়েল এস্টেট। প্রতিবাদপত্রে বলা হয়, ‘প্রতিবেদনে রাখাল চক্রবর্তী আদালত কর্তৃক ১৭৪ দশমিক ১২ শতক জমির ডিক্রি পাওয়ার যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়। প্রকৃতপক্ষে সম্পত্তির মূল মালিক রাখালে চক্রবর্তীর কাছ থেকে ১০০ একর সম্পত্তি কেনার জন্য শামীম রিয়েল এস্টেট বায়না চুক্তি করেছে।’প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে যা বলা হয়েছে, তা প্রতিবেদকের বক্তব্য নয়। পটিয়া ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) আবু হায়াত মো. রহমত উল্লাহ পটিয়া মডেল টাউন প্রকল্পটিকে প্রতারণা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘তাঁদের দাবি করা জমির বিরুদ্ধে আমরা আদালতে মিস মামলা করেছি। এ জমি সরকারি খাস হিসেবে রেকর্ডভুক্ত। আর কেউ ১০০ বিঘার বেশি জমির মালিক থাকতে পারে না।’ এর আগে ভূমি কার্যালয় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। তা ছাড়া প্রতিবেদনে রাখাল চক্রবর্তী যে ১৭৪ দশমিক ১২ শতক ভূমির ডিক্রি পেয়েছেন—তা আদালতের কাগজ দেখেই লেখা হয়েছে। শামীম রিয়েল এস্টেটের মালিক মো. শামীমুজ্জামান আদালতের এই রায়কে ‘ছাপার ভুল’ বলে দাবি করেছেন তাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। তবে তিনি বক্তব্যে ১৫৬ একর ভূমির মালিক বললেও প্রতিবাদপত্রে ১০০ একর সম্পত্তির বায়নানামা করা হয় বলে উল্লেখ করেছেন—এটা স্ববিরোধিতা।