প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
গত ৫ জানুয়ারি প্রথম আলোর শেষ পৃষ্ঠায় প্রকাশিত ‘নম্বর বাড়িয়ে প্রথম শ্রেণী: দুই শিক্ষক অভিযুক্ত’ শিরোনামে প্রকাশিত খবরের একাংশের প্রতিবাদ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি বলেন, প্রকাশিত সংবাদে ‘মোহাম্মদ গিয়াসউদ্দিন তদন্ত কমিটির কাছে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করেন এবং কমিটির সিদ্ধান্ত মেনে নিতে রাজি হন’ বলে যে তথ্য ছাপানো হয়েছে, সেটি সঠিক নয়। তিনি দাবি করেন, সম্পূর্ণ দলিলপত্রের ভিত্তিতে পরীক্ষার ফলাফল তৈরি করা হয়েছে এবং এ ক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি ঘটেনি। প্রতিবেদকের বক্তব্য: বাংলা বিভাগের পরীক্ষাসংক্রান্ত পর্যলোচনা কমিটির প্রতিবেদনেই লেখা আছে, ‘অভিযোগগুলো সম্পর্কে গিয়াসউদ্দিন কোনো আপত্তি করেননি এবং কমিটির সিদ্ধান্ত মেনে নিতে রাজি হন।’ তার পরও সংবাদটি প্রকাশের আগে প্রথম আলোর পক্ষ থেকে এ প্রসঙ্গে গিয়াসউদ্দিনের বক্তব্য নেওয়া এবং তা ছাপা হয়েছে।