প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রথম আলোর শেষ পৃষ্ঠায় গত ২৯ মে ‘চট্টগ্রাম বন্দরের দুই জরিপ জাহাজ তৈরি অনিশ্চিত’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন কর্ণফুলী শিপ ইয়ার্ড (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ রশিদ।প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, প্রতিবেদনের সব তথ্য মিথ্যা, উসকানিমূলক বিকৃত বক্তব্য, বিভ্রান্তিমূলক ও বিদ্বেষপ্রসূত। এ জন্য প্রশাসন ও জনমনে বিভ্রান্তি সৃষ্টিসহ আমাদের কোম্পানির সুনাম নষ্ট এবং এর প্রতি বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে।প্রতিবাদে বলা হয়, ‘জাহাজ দুইটির ক্লাসিফিকেশন, ড্রয়িং/ডিজাইন ইত্যাদির উন্নীতকরণের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বিভিন্ন সময়ে আলোচনা ও পত্রালাপ হয়। এ সম্পর্কে গ্রহণযোগ্য সমাধান না হওয়ায় জাহাজ দুইটি নির্মাণে বিলম্ব হচ্ছে।’প্রকাশিত প্রতিবেদনে বন্দরের জাহাজ বিএলবি লুসাই ও বার্জ-১৩ নির্মাণে বিলম্ব প্রসঙ্গে প্রতিবাদপত্রে বলা হয়, ‘বার্জ-১৩ মেরামতে নিয়মবহির্ভূত কারণে কিছু অতিরিক্ত সময় লাগলেও বন্দর কর্তৃপক্ষ তা অনুমোদন দেয়। বিএলবি লুসাই মেরামতকাজ সম্পর্কে কোনো বিষয় কর্ণফুলী শিপ ইয়ার্ড কর্তৃপক্ষের জানা নেই।’প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোর প্রতিবেদনে কর্ণফুলী শিপ ইয়ার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে সম্পাদিত এক বছর সময়সীমার মধ্যে দুটি জরিপ জাহাজ তৈরির কাজ শুরু না করার বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবাদপত্রে সময়মতো জাহাজ দুটি তৈরি করতে না পারার বিষয়টি অস্বীকার করা হয়নি।তা ছাড়া উপযুক্ত তথ্য-প্রমাণ সংগ্রহ এবং সাংবাদিকতার নীতিমালা মেনে বন্দর কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম এ রশিদের সঙ্গে কথা বলে প্রতিবেদন তৈরি করা হয়েছে। ২২ মে সন্ধ্যায় দীর্ঘ কথোপকথনে এম এ রশিদ বন্দর ও নৌবাহিনীর কর্মকর্তাদের সম্পর্কে যেসব বক্তব্য দিয়েছেন, তার সামান্য অংশ প্রতিবেদনে তুলে ধরা হয়। প্রকাশিত প্রতিবেদনে ভুলে বিএলবি লুসাই মেরামতের কথা বলা হয়েছে। আসলে এটি হবে বিএলবি আলী। বিএলবি আলী সময়মতো মেরামত না করার কারণ জানতে চেয়ে বন্দর কর্তৃপক্ষ সর্বশেষ গত বৃহস্পতিবার কর্ণফুলীকে চিঠি দিয়েছে।