প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোতে ৫ আগস্ট প্রকাশিত ‘ওষুধের দোকানের সনদে ১৯ বছর হাসপাতালে চাকরি’ শীর্ষক প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিস্ট ফিরোজ আলম ভূঁইয়া। তাঁর দাবি, প্রকাশিত তথ্য ভিত্তিহীন।প্রতিবাদপত্রে ফিরোজ আলম ভূঁইয়া দাবি করেন, তিনি বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলে পড়াশোনা শেষ করে বি-ফার্ম সনদ অর্থাৎ ডিপ্লোমা ডিগ্রি লাভ করেন। তাঁর নিবন্ধন নম্বর বি-২৪৬৬৫। তিনি ১৯৯১ সালের নভেম্বরে কুমিল্লা ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে ফার্মাসিস্ট পদে নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। তখন থেকে হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে কাজ করছেন। প্রতিবেদকের বক্তব্য: ফিরোজ আলম ভূঁইয়ার প্রতিবাদপত্রে তাঁর যে নিবন্ধন নম্বর উল্লেখ করেছেন (বি-২৪৬৬৫), সেটি ফেনীর মো. আবদুল্লাহ নামক এক ব্যক্তির বলে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল থেকে জানানো হয়েছে। ফার্মাসি কাউন্সিলের নথিপত্র অনুযায়ী, ফিরোজ আলমের নিবন্ধন নম্বর বি-১৪৬৬৫। তিনি চার মাসের একটি কোর্স করেছিলেন। তিনি ‘সি’ ক্যাটাগরির ফার্মাসিস্ট। প্রথম আলোর কাছে থাকা ফিরোজ আলম ভূঁইয়ার সনদের অনুলিপি পরীক্ষা করে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিলের নিয়ন্ত্রক মো. হাবিবুর রহমান বলেছেন, ‘সরকারি হাসপাতালগুলোয় ফার্মাসিস্ট পদে চাকরি করতে গেলে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স করা বাধ্যতামূলক। ফিরোজ আলমের সনদটি কেবল ওষুধের দোকান ও বেসরকারি হাসপাতালের ফার্মেসি চালানোর জন্য।’