প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
৬ সেপ্টেম্বর প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘কলেজ অধ্যক্ষকে চড় মারলেন সাংসদ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজ উদ্দিন আহমেদ। তিনি প্রতিবাদপত্রে দাবি করেছেন, ওই সংবাদটি সঠিক নয়। কলেজে জমি দান করার পরও কলেজসংলগ্ন আরও পাঁচ-সাত একর জমি তাঁর রয়েছে। সেখানে তিনি কাঁঠাল, বেল, কুলসহ অন্যান্য ফলদ গাছ লাগিয়েছিলেন। সেগুলো অধ্যক্ষ কলেজ কমিটিকে না জানিয়ে কেটে ফেলেছেন। গাছ কাটার বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ তাঁর সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি অধ্যক্ষকে চড় মারেননি বলে দাবি করেছেন।প্রতিবেদকের বক্তব্য: ৫ সেপ্টেম্বর সরেজমিনে কলেজ চত্বরে গিয়ে ঘটনায় সম্পৃক্তদের সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সাক্ষাৎকার নেওয়ার সময় কলেজের শিক্ষক কাউন্সিলের সভা চলছিল। সেখানে সাংসদ মো. হাফিজ উদ্দিন আহমেদ কর্তৃক কলেজ অধ্যক্ষকে মারধর করার ঘটনার নিন্দা জানানো হয়। পরের দিন কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ তোয়াহা মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এমনটা হওয়া উচিত নয়। সাংসদ নিজেও ৫ সেপ্টেম্বর দুপুরে পীরগঞ্জ উপজেলায় তাঁর নিজ বাড়িতে এই প্রতিবেদকের সামনে ভুল বোঝাবুঝির ফলে ‘হিট অব দ্য মোমেন্টে’ ঘটনাটি ঘটেছে বলে স্বীকার করেন। কয়েকটি গাছ কাটার শাস্তি হিসেবে অধ্যক্ষকে মারধর করা উচিত হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তবে কি তাকে পুলিশে দেওয়া উচিত ছিল? সে ভুল করেছে বলেই শাস্তি পেয়েছে।’