প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬ জুন প্রথম আলোয় প্রকাশিত ‘শহীদ পরিবারের প্লট নিতে এত কাণ্ড!’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইসমাইল হোসেন। প্রকাশিত সংবাদ ‘ভুল ও অসত্য’ তথ্যের ভিত্তিতে তৈরি দাবি করে তিনি প্রতিবাদপত্রে বলেছেন, ‘প্রতিবেদনটি মুক্তিযোদ্ধা পরিবারকে প্রতারণার মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার কাজে লিপ্ত প্রতারক চক্রের অনুকূলে প্রকাশিত হয়েছে। দীর্ঘদিন যাবৎ একটি প্রতারক চক্র এই সকল বাড়ি বরাদ্দ প্রাপকদের ঠকিয়ে আত্মসাৎ করছে বা করার চেষ্টায় লিপ্ত আছে। এই প্রতারক চক্রের অন্যতম হোতা সেলিম চৌধুরী ও তাঁর স্ত্রী চৌধুরী সানিয়া আলম শেলী। তাঁরা কেবল প্রকাশিত সংবাদে সংশ্লিষ্ট কাতালগঞ্জের প্লটটিই নয়, আগ্রাবাদ এলাকায় কর্ণফুলী মার্কেটের পার্শ্বে পরিত্যক্ত ১৪০৬ নম্বর বাড়ি, সরাইপাড়া এলাকার ১৫ নম্বর এবং বাঘঘোনা এলাকায় ৬৩ নম্বর বাড়িগুলো আত্মসাতের চেষ্টায় লিপ্ত আছেন।’ প্রতিবাদপত্রে বলা হয়, সেলিম চৌধুরী বাড়িটি দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে বিপুল অর্থ প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন। এ বিষয়ে তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে।প্রতিবাদে আরও বলা হয়, ‘সরকারি বরাদ্দকৃত পরিত্যক্ত জমির নামজারি অনুমোদনের জন্য আইনগত পদ্ধতির অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) নামজারি নথিটি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করেছেন। বরাদ্দ দলিলের (খ) নং শর্ত অনুযায়ী সরকারের অনুমতি ছাড়া বরাদ্দকৃত বাড়ি বিক্রয় বা হস্তান্তরযোগ্য নয়। তথাপি বাড়ির বরাদ্দ প্রাপকগণ শর্ত ভেঙে বাড়ির দখল পাওয়ার পূর্বে এবং তাঁদের অনুকূলে নামজারি হওয়ার পূর্বেই রেজিস্ট্রি দলিলের মাধ্যমে প্রতারক চক্রের প্রতারণায় পড়ে হস্তান্তর করেছেন। এ কারণে বরাদ্দ প্রাপকদের জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে না। আত্মসাতের সর্বাত্মক চেষ্টা করে সফল না হওয়ায় প্রতারক সেলিম চৌধুরী ও তাঁর স্ত্রী আমার বিরুদ্ধে বাড়িটি ক্রয়ের চেষ্টা করছি বলে মিথ্যা গল্প তৈরি করেছেন।’ প্রতিবাদের সঙ্গে ১০৫ পাতার সংযোজনীও দেওয়া হয়। প্রতিবেদকের বক্তব্য: জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকসহ (রাজস্ব) সব পক্ষের মতামতের ভিত্তিতেই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবাদপত্রে পরিত্যক্ত সরকারি জমি বিক্রয় কিংবা হস্তান্তরযোগ্য নয় বলে উল্লেখ করা হলেও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইসমাইল হোসেন জমিটি কেনার ইচ্ছার কথা প্রথম আলোর কাছে স্বীকার করেছেন। তাঁর তৈরি একটি বায়না দলিলও প্রথম আলোর সংগ্রহে রয়েছে। জেলা প্রশাসককেও তিনি বলেছেন, জমি কেনার জন্য তিনি শহীদ পরিবারকে ২২ লাখ টাকা দিয়েছেন। ইসমাইল হোসেন যে সানিয়া আলমকে ‘প্রতারক’ হিসেবে দাবি করেছেন, তাঁর নামে থানায় কোনো মামলা কিংবা অভিযোগ নেই। তাঁর স্বামী সেলিম চৌধুরী প্রতিবেদনের অংশ নন। অতিরিক্ত জেলা প্রশাসক আরও তিনটি প্লট প্রতারক চক্রের দখলে বলে উল্লেখ করেছেন। প্রকৃতপক্ষে ওই তিনটি প্লটেই তিনজন মুক্তিযোদ্ধা সপরিবারে বসবাস করছেন বলে প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে।