প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় গত ৯ মে প্রকাশিত ‘নৌমন্ত্রীর “উদারতায়” আয় কমছে বন্দরের’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব মোর্শেদা ফেরদৌস স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, ‘বর্তমান নৌপরিবহনমন্ত্রী তাঁর ইচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ না করে একটি সুষ্ঠু-সুন্দর নীতিমালার মাধ্যমে আংশিক স্টোর রেন্ট মওকুপ করেছেন। তাই তাঁকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, কল্পনাপ্রসূত ও উদ্দেশ্যপ্রণোদিত।’প্রতিবাদপত্রে বলা হয়, স্টোর রেন্ট মওকুপের বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধ্যাদেশ থাকলেও কোন কোন ক্ষেত্রে কী বিবেচনায়, কী পরিমাণ রেন্ট মাপ করা হবে—তার সুনির্দিষ্ট নীতিমালা ছিল না। এ কারণে বিভিন্ন সময়ে মন্ত্রীরা ইচ্ছামতো স্টোর রেন্ট মওকুপ করতেন এবং তা কোনো কোনো ক্ষেত্রে ১০০ শতাংশ ছিল। বর্তমান নৌপরিবহনমন্ত্রী এ জন্য একটি নীতিমালা করেন। এ নীতিমালায় আমদানি পণ্যের ওপর ২৬ থেকে ৬০ শতাংশ পর্যন্ত মওকুপের বিধান রাখা হয়। এতে বলা হয়, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান দায়িত্বপালনকালে আট কোটি টাকার স্টোর রেন্ট মওকুপের দেওয়া তথ্য অতিরঞ্জিত। প্রকৃত অর্থে, এ সময়ে দুই কোটি ৪১ লাখ ৩৩ হাজার ৩১ টাকা মওকুপ করা হয়। এতে দাবি করা হয়, আংশিক স্টোর রেন্ট মওকুপ করে পণ্য ছাড় করানোর ফলে বন্দরের শেডে নতুন পণ্য সংরক্ষণের সুযোগ সৃষ্টি হচ্ছে। এতে শেডের ভাড়া তথা বন্দরের আয় বাড়ছে।প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত প্রতিবেদনে বিগত জোট সরকারের আমল থেকে বন্দরের ভাড়া মওকুপের নিয়ম চালু হয়েছে তার চিত্র তুলে ধরা হয়েছে। এর আগে বন্দরের ভাড়া মওকুপ করা হতো না। বন্দর অধ্যাদেশের ২০ ধারায় কোন ধরনের ভাড়া মওকুপ করতে হবে—তা বলা আছে। এ অধ্যাদেশের আলোকে বন্দর কর্তৃপক্ষ যুগ যুগ ধরে সরকারি পণ্য, দান-অনুদানের সামগ্রীর ভাড়া মওকুপের জন্য বন্দর থেকে প্রস্তাব মন্ত্রণালয়ে গেছে এবং মন্ত্রীর অনুমোদনের পর সেই প্রস্তাব কার্যকর হয়েছে। সরাসরি মন্ত্রীর ভাড়া মওকুপ বন্দর অধ্যাদেশের প্রচলিত অধ্যাদেশের পরিপন্থী। এ কারণে তত্ত্বাবধায়ক সরকারের আমলে কোনো বাণিজ্যিক আমদানি পণ্য চালানের ভাড়া মওকুপ করা হয়নি। মন্ত্রীর সরাসরি ভাড়া মওকুপের সুবিধার জন্য নতুন নীতিমালা তৈরি করা হয়। তা ছাড়া মন্ত্রীর হাতের লেখায় প্রায় আট কোটি টাকা মওকুপ করার দলিল প্রথম আলোর কাছে আছে। কোন কোন প্রতিষ্ঠানের চার কোটি ৯৯ লাখ টাকা মওকুপ করা হয় সেটাও প্রতিবেদনে তুলে ধরা হয়।