প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
প্রথম আলোর চতুর্থ পৃষ্ঠায় ‘এমডির বিদেশ সফর, তাই ভূরিভোজ!’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন যমুনা অয়েল কোম্পানির গণসংযোগ শাখার উপমহাব্যবস্থাপক মো. মাসুদ করিম। প্রতিবাদপত্রে বলা হয়, কোম্পানির মহাব্যবস্থাপক মো. আমজাদ আলী ১৪ মে অসুস্থ হয়ে মারা যান। তাঁর মাগফিরাত কামনা করে ১৬ মে যমুনার প্রধান কার্যালয়ে ও ২২ মে প্রধান স্থাপনায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এখানে এমডির বিদেশ সফরের সঙ্গে মাহফিলের কোনো সংশ্লিষ্টতা নেই। মৃত ব্যক্তির জন্য মহৎ আয়োজনকে এমডির বিদেশ সফরের সঙ্গে সম্পৃক্ত করে প্রতিবেদন প্রকাশ হওয়ায় কোম্পানি ‘আশ্চর্য’ ও ‘মর্মাহত’ হয়েছে। প্রতিবেদকের বক্তব্য: গরু জবাই করে ভূরিভোজ এবং এর খরচের উৎস সম্পর্কে প্রতিবাদপত্রে কিছুই উল্লেখ নেই। অথচ প্রতিবেদনে ভূরিভোজের খরচের উৎস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এ ব্যাপারে যমুনার প্রধান স্থাপনার টার্মিনালের সহকারী মহাব্যবস্থাপক এম এ বাশারের বক্তব্য উদ্ধৃত করা হয়। তিনি বলেছিলেন, ‘৫০ ও ১০০ টাকা করে চাঁদা তুলে আমরা মিলাদ মাহফিল করেছি। আমাদের কর্মকর্তা ও কর্মচারীরা এই চাঁদা দিয়েছেন।’ বাশারের এই বক্তব্য সম্পর্কে ভিন্নমত পোষণ করে সিবিএর সাধারণ সম্পাদক বলেছেন, ‘আমরা কোনো চাঁদা দিইনি।’ এ ব্যাপারে তিনি বাশারকে জিজ্ঞেস করতে বলেছেন, যা প্রতিবেদনেই উল্লেখ রয়েছে। এমডির বিদেশ সফরের সঙ্গে মাহফিলের সম্পর্ক নেই বলে বাশার আগেই তা দাবি করেছেন এবং প্রতিবেদনেও তা উল্লেখ করা হয়েছে। সে হিসেবে আবার কেন প্রতিবাদ, তা প্রতিবেদকের বোধগম্য নয়।