প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
গত ২২ জুন ‘চোখের ছানি কাটার নামে জালিয়াতি’ শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত একটি খবরের প্রতিবাদ করেছেন রাজবাড়ী চক্ষু ক্লিনিক অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপক মো. তৌফিক ইসলাম। তিনি আইনজীবীর মাধ্যমে একটি আইনি নোটিশও পাঠিয়েছেন।
নোটিশে আইনজীবী ইমদাদুল হক বিশ্বাস দাবি করেছেন, রাজবাড়ী চক্ষু ক্লিনিক ও স্পেশালাইজড হাসপাতালের মালিক রেহানা পারভীন। ন্যাশনাল আই কেয়ার (এনইসি) কর্মসূচির ব্যবস্থাপক ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক মো. মোস্তাফিজুর রহমান ওরফে রঞ্জু ক্লিনিকটির মালিক নন।
নোটিশে বলা হয়, মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ন্যাশনাল আই কেয়ারের লাইন ডিরেক্টর একটি কমিটি করে দিয়েছিলেন। সেই কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, রাজবাড়ী চক্ষু ক্লিনিকের ৭০০ রোগীর চোখ অপারেশন করে ২০ লাখ টাকার বিল দেওয়ার তথ্য ঠিক নয়। রাজবাড়ী ক্লিনিকসহ ছয়টি জায়গায় ৫০৩ জন রোগীর ছানি কাটার পর ১১ লাখ ১৬ হাজার ৬৬০ টাকার বিল জমা দেওয়া হয়। দাবি করা হয়েছে, তৌফিক ইসলাম প্রথম আলো কার্যালয়ে এসে প্রতিবাদলিপি দিয়ে গেছেন। সেটি ছাপা হয়নি।
প্রতিবেদকের বক্তব্য: সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। রাজবাড়ী চক্ষু ক্লিনিকের ব্যবস্থাপক তৌফিক ইসলাম কখনো প্রথম আলো কার্যালয়ে আসেননি।
১০ শয্যার রাজবাড়ী চক্ষু ক্লিনিকটি চালান মোস্তাফিজুর রহমান। এটির কাগুজে মালিক তাঁরই স্ত্রী রেহানা পারভীন। প্রতিবেদনটি তৈরির আগে রেহানা পারভীনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কারণ, ২০১২ সালে মোস্তাফিজ তাঁর স্ত্রী-সন্তানকে কানাডা পাঠিয়ে দেন।
আইনি নোটিশে তদন্ত কমিটির বরাত দিয়ে বিলের অঙ্কে গরমিল আছে বলে উল্লেখ করা হয়েছে। রাজবাড়ী ক্লিনিক অস্ত্রোপচারে যাওয়ার আগে ২০ লাখ টাকা দাবি করে ন্যাশনাল আই কেয়ারের পরিচালক বরাবর চিঠি দেয়। কর্মসূচি থেকে ওই টাকা দেওয়া হয়নি। অস্ত্রোপচার শেষে ঢাকায় ফিরে ক্রয়, সরবরাহ ও সেবা বাবদ ব্যয়ের বিল শিরোনামে আবারও সমপরিমাণ টাকা দাবি করা হয়। কত দিনে ৫০৩ জন রোগীর ছানি কাটা হয়েছে, নোটিশে তার উল্লেখ নেই।