প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৪ সেপ্টেম্বর প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ‘৩ মিনিটে একটি করে মাদকের নমুনা পরীক্ষা’ সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক (চলতি দায়িত্বে) দুলাল কৃষ্ণ সাহা।
প্রতিবাদপত্রে প্রধান পরীক্ষক বলেছেন, মাদক আইনে ১৫ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দেওয়ার বাধ্যবাধকতা থাকায় ওই পরীক্ষাগারের পরীক্ষকেরা প্রতিদিন আট কর্মঘণ্টার অতিরিক্ত সময় কাজ করে মাদকের নমুনাগুলোর পরীক্ষা শেষ করেন। স্বীকৃত বিজ্ঞানসম্মত উপায়ে পরীক্ষা করাই পরীক্ষাগারের কাজ। সে কাজ সময় বিবেচনায় হয় না। আইনের প্রতি শ্রদ্ধা রেখে সামাজিক দায়বদ্ধতা থেকেই পরীক্ষা সম্পন্ন করা হয়। আর পরীক্ষণের প্রয়োজনে আধুনিক যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে।
ওই প্রতিবাদপত্রেই দুলাল কৃষ্ণ সাহা উল্লেখ করেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১১টি তদন্ত হয়েছে। তবে এর কোনোটিই প্রমাণিত হয়নি। তিনি দাবি করেছেন, একই জায়গায় অনেক দিন কাজ করার কারণে অনেকের স্বার্থহানি হওয়ায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
প্রতিবেদকের বক্তব্য: সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ও সরেজমিন পরিদর্শন করে এবং তাঁদের কাজের সময় হিসাব করেই প্রতিবেদনে তিন মিনিটে একটি করে মাদক পরীক্ষার বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রতিবাদপত্রে আট ঘণ্টার অতিরিক্ত সময় কাজ করার কথা বলা হলেও, বাস্তবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর প্রতিবাদপত্রে প্রয়োজনে আধুনিক যন্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে। ওই পরীক্ষাগারের কর্মকর্তারাই জানিয়েছেন, ১৫ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে পরীক্ষাগারের যন্ত্রগুলো নষ্ট হয়ে গেছে। প্রধান পরীক্ষক নিজেও তা স্বীকার করেছেন।