প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত ‘নিজের গাড়িতে কারাগার থেকে আদালতে তানভীর’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ কর্তৃপক্ষ। প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছে, প্রতিবেদনে বলা হয়েছে, হল-মার্ক কেলেঙ্কারিতে গ্রেপ্তার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদকে গত বুধবার তাঁর নিজস্ব গাড়িতে করে কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, আসামি তানভীর মাহমুদের পক্ষে তাঁর আইনজীবী আসামির মেরুদণ্ডজনিত সমস্যার পরিপ্রেক্ষিতে বিশেষ বাহনে কারা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আসামিকে আদালতে আনয়নের প্রার্থনা করেন। ওই প্রার্থনার পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ গত বছরের ৯ মার্চ আসামির অসুস্থতা সাপেক্ষে কারাবিধি মোতাবেক কারা অ্যাম্বুলেন্সের মাধ্যমে আদালতে আনার অনুমতি প্রদান করেন। পরে গত ১৫ এপ্রিল তানভীর মাহমুদের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ ২০১৪ সালের ৯ মার্চের আদেশ প্রতিপালনের নির্দেশ প্রদান করে।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়েছে, এরই ধারাবাহিকতায় ২৪ নভেম্বর আসামি তানভীর মাহমুদ অসুস্থতার জন্য কারা হাসপাতালের শরণাপন্ন হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে চিকিৎসা দেন এবং প্রিজন ভ্যানের পরিবর্তে আরামদায়ক বিশেষ বাহনে আদালতে আনা-নেওয়ার পরামর্শ প্রদান করেন। সে মোতাবেক গত ২৫ নভেম্বর ফারুক নামের একজন রেন্ট-এ কার ব্যবসায়ীর কাছ থেকে মাইক্রোবাস ভাড়া করে ওই মাইক্রোবাসযোগে পুলিশ সদস্যের মাধ্যমে আসামিকে আদালতে পাঠানো হয়। আদালতের হাজিরা শেষে একই গাড়িতে করে কারাগারে ফেরত আনা হয়।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবাদলিপি অনুযায়ী কারাগার কর্তৃপক্ষই বলছে, অসুস্থতা সাপেক্ষে ঢাকার মহানগর দায়রা জজ আদালত কারা অ্যাম্বুলেন্সের মাধ্যমে আসামি তানভীর মাহমুদকে আদালতে আনার অনুমতি দিয়েছেন। গত বছরের ৯ মার্চ ঢাকার সাবেক মহানগর দায়রা জজ মো. জহুরুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘আসামি যদি গুরুতর অসুস্থ হয় তাহা হইলে কারা কর্তৃপক্ষের বিধি মোতাবেক কারা অ্যাম্বুলেন্সের মাধ্যমে দরখাস্তকারী আসামিকে আদালতে আনয়নের অনুমতি প্রদান করা হইল।’ প্রতিবাদে কারা কর্তৃপক্ষ স্বীকার করে নিয়েছে, আসামি তানভীরকে কারা অ্যাম্বুলেন্সের আদালতে আনা হয়নি।