‘দরপত্রহীন ঠিকাদারে বাড়তি যাবে ২৪ কোটি টাকা’ শিরোনামে ১ জুলাই প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে সেতু বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠান কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড (সিএনএস)।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কবির আহমেদের সই করা প্রতিবাদপত্রে বলা হয়েছে, বঙ্গবন্ধু সেতুর টোল আদায় কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে অন্তর্বর্তী সময়ের জন্য সরাসরি পদ্ধতিতে ঠিকাদার নিয়োগের প্রাথমিক পর্যায়ে প্রস্তাব আহ্বান করা হয়েছে। এর জন্য ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নেওয়া হয়েছে। সিএনএস প্রস্তাব দাখিল করেছে। এখনো সেটি উন্মুক্ত করা হয়নি। কাজেই ৬ মাসে বাড়তি ২৪ কোটি টাকা ব্যয়ের অভিযোগ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত।
অন্যদিকে পৃথক প্রতিবাদপত্রে সিএনএস বলেছে, বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে সর্বশেষ নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে ছয় মাসের জন্য সিএনএসকে এ দায়িত্ব নেওয়ার অনুরোধ করেছে সরকার। এরপর তারা একটি খসড়া রূপরেখা প্রস্তাব জমা দেয় সেতু বিভাগে, যা গ্রহণ বা ক্রয় করতে সেতু বিভাগ বাধ্য নয়। ২ জুলাই পর্যন্ত সিএনএস আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি।
সিএনএস আরও বলেছে, ২০১৪ সাল থেকে তারা সেতু বিভাগের অধীন ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে টোল আদায় করছে। এ সময় টোল আদায় দ্বিগুণ হয়েছে। এরপর মামলা ও ঝামেলার কারণে মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের দায়িত্ব নিতে সরকার সিএনএসকে আহ্বান করে। এতে সাড়া দিলে সরকার পাঁচ বছরের জন্য সিএনএসকে নিয়োগ দেয়। সেখানেও ৮০ শতাংশ টোল বেড়েছে।
প্রতিবেদকের বক্তব্য: বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ের কাজ পেতে গত৮ মে সিএনএস লিখিত প্রস্তাব দেয় প্রধান প্রকৌশলী কবির আহমেদকে। ওই প্রস্তাবে সিএনএস স্পষ্ট করে বলেছে, ছয় মাসের জন্য তারা টোল আদায়ের কাজ পেলে তাদের ভ্যাট বাদে আদায় করা টোলের সাড়ে ১২ শতাংশ দিতে হবে। এই ছয় মাস টোল আদায়ের জন্য যে যন্ত্রপাতি বসানো হবে, তা সেতু বিভাগকে ১২৫ কোটি টাকায় কিনতে হবে। এ-সংক্রান্ত নথি প্রথম আলোর কাছে রয়েছে।
সিএনএসের প্রতিবাদের বিষয়ে বলা যায়, সরকার কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। ফলে কোনো সেবা ক্রয়ের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কাউকে অনানুষ্ঠানিক অনুরোধ কিংবা সরকারকে অনানুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার সুযোগ নেই। সরকারের সঙ্গে ঠিকাদার বা সেবা প্রদানকারীর সম্পর্ক নির্ধারণ করে দিয়েছে ক্রয়সংক্রান্ত আইন। এতে বিনা প্রতিযোগিতায় ঠিকাদার নিয়োগে নিরুৎসাহিত করা হয়েছে, ক্ষেত্রবিশেষে তা নিষিদ্ধও। আর মেঘনা-গোমতী ও চীন-মৈত্রী সেতুতে টোল বৃদ্ধির বিষয়টির সঙ্গে সরকারের ক্রয় আইনের কোনো সম্পর্ক নেই। টোল কম আদায়ের পেছনে সরকারের সংশ্লিষ্ট বিভাগের গাফিলতি ও দুর্নীতি থাকতে পারে।