প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
৭ নভেম্বর সোমবার প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘ডিপিডিসির বিরুদ্ধে বেশি টাকা নেওয়ার অভিযোগ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছে ডিপিডিসি। প্রতিবাদে বলা হয়, শ্যামপুর থানায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে লোডের নামে অতিরিক্ত টাকা আদায় করেছে বলে যে সংবাদ পরিবেশিত হয়েছে তা সঠিক নয়। প্রকৃত তথ্য হলো, ঢাকা শহরের অধিকাংশ গ্রাহকেরই বৈদ্যুতিক সরঞ্জামাদির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় গ্রাহকেরা অনুমোদিত লোডের চেয়ে অতিরিক্ত লোড ব্যবহার করছেন। ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ আইন ১৯৯০-এর ৩.৬ ধারা অনুযায়ী, ‘অনুমোদিত লোড বলতে বোর্ড কর্তৃক গ্রাহক প্রাঙ্গণে বিদ্যুৎ সরবরাহ অনুমোদনের সময় উল্লেখিত লোডকে বোঝাবে। সংযোজিত লোড, অনুমোদিত লোড অপেক্ষা বেশি হতে পারবে না।’ সুতরাং গ্রাহকেরা অনুমোদিত লোডের অতিরিক্ত লোড ব্যবহার করতে পারেন না। লোড বৃদ্ধির জন্য গ্রাহককে নির্দিষ্ট ফরমে আবেদন করে নির্ধারিত জামানত প্রদান করে লোড বাড়াতে হয়। গ্রাহকদের সুবিধার্থে ডিপিডিসি লোড অটো বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে। সে লক্ষ্যে যেসব গ্রাহক অনুমোদিত লোডের অতিরিক্ত লোড ব্যবহার করছেন, তাঁদের লোড পরিমাপ করে ব্যবহৃত প্রকৃত লোডের ভিত্তিতে ডিপিডিসি গত অক্টোবর মাসে মাসিক বিদ্যুৎ বিলের সঙ্গে লোড বৃদ্ধির বিপরীতে জামানত বিল প্রদান করে। এই জামানত বিল শুধু যেসব গ্রাহক অনুমোদিত লোডের অতিরিক্ত লোড ব্যবহার করছেন তাঁদেরই দিতে হয়েছে। ডিপিডিসির শ্যামপুর এলাকার মোট গ্রাহকসংখ্যা ২৬,৪৭৬ জন, যার মধ্যে ১১,৮২৬ জনের লোড বৃদ্ধি পাওয়ায় তাঁদের এই জামানত বিল প্রদান করা হয়েছে। অন্য গ্রাহকদের লোড বৃদ্ধি না পাওয়ার তাঁদের প্রদান করা হয়নি। এই জামানত বিল কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে।
প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোতে গত সোমবার প্রকাশিত প্রতিবেদনটি ছিল সংবাদ সম্মেলনের বক্তব্য। এখানে প্রথম আলোর নিজস্ব কোনো বক্তব্য ছাপা হয়নি। সংবাদ সম্মেলনটি করেছিল ডিপিডিসি বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা পরিষদ নামের একটি সংগঠন। ওই প্রতিবেদনে শ্যামপুরের নির্বাহী প্রকৌশলী রকিবুল হাসানের বক্তব্যও ছাপা হয়েছে।