প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার প্রথম আলোর ৪ নম্বর পৃষ্ঠায় (সিলেট ময়মনসিংহ কুমিল্লা) “স্বাচিপ ও ড্যাব প্যানেলের প্রার্থী ‘বিতর্কিত’ সাত চিকিৎসক” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছেন স্বাচিপ প্যানেলের বিএমএর কেন্দ্রীয় সহসভাপতি (চট্টগ্রাম বিভাগ) পদপ্রার্থী মহসিনুজ্জামান চৌধুরী। প্রতিবাদপত্রে তিনি দাবি করেন, চিকিৎসক সরল কুমার সাহার চেয়ে তিনি জ্যেষ্ঠ। অন্যদিকে চিকিৎসক মলিনা রানী কুণ্ডুকে মন্ত্রণালয় বিভাগীয় পদোন্নতি কমিটির মাধ্যমে লক্ষ্মীপুর জেলায় পদায়ন করে। সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগের ক্ষেত্রে তাঁর কোনো প্রভাব নেই। ড্যাবের সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিকিৎসক নিলুফার পারভীন বর্তমান সরকারের আমলে নেত্রকোনা থেকে কুমিল্লায় বদলি হয়ে আসেন বলেও তিনি উল্লেখ করেন। অপর এক প্রতিবাদপত্রে স্বাচিপের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান সিদ্দিকী বলেন, তিনি কাউকে বদলি ও হয়রানি করেননি।প্রতিবেদকের বক্তব্য: চিকিৎসক সরল কুমার সাহা ১৯৮২ সালে এমবিবিএস পাস করেন। অন্যদিকে মহসিনুজ্জামান চৌধুরী ১৯৮৫ সালে এমবিবিএস পাস করেন। বিভাগীয় পদোন্নতি কমিটি এমবিবিএস ডিগ্রি অর্জনের সালকে সামনে রেখেই পদোন্নতি দেয়। মহসিনুজ্জামান চৌধুরী স্বাচিপের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হওয়ায় চট্টগ্রাম বিভাগের চিকিৎসকদের সব বদলি ও পদোন্নতি তাঁর পরামর্শক্রমেই হয়ে থাকে। কুমিল্লা জেলার চিকিৎসকদের বদলির ক্ষেত্রে স্বাচিপ নেতা আজিজুর রহমান সিদ্দিকীর ভূমিকা রয়েছে। প্রথম আলোর কাছে এ ধরনের একাধিক ঘটনার প্রমাণ রয়েছে।