২০ অক্টোবর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘বেসরকারি টেলিভিশনের রাজনৈতিক লাইসেন্স’ শীর্ষক প্রতিবেদনের কিছু অংশের প্রতিবাদ জানিয়েছেন সাভার থানা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা। তিনি বলেছেন, ‘চ্যানেল সিক্সটিন’ নামের অবৈধ চ্যানেলের সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। কেউ আমার নাম ব্যবহার করে থাকতে পারেন। আমার তত্ত্বাবধানে চ্যানেলটি চলছে বলে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট।
একই দিনে ষষ্ঠ পৃষ্ঠায় প্রকাশিত ‘বিক্রি হয়ে যাচ্ছে টিভি চ্যানেলের মালিকানা’ প্রতিবেদনের আংশিক প্রতিবাদ জানিয়েছে এসএ টিভি কর্তৃপক্ষ। চ্যানেলটির সিওও সৈয়দ সালাউদ্দিন জাকী স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, এসএ টিভি শুরু থেকেই কর্মীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করে আসছে। সংবাদকর্মীর বরাত দিয়ে যা প্রকাশ করা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। পণ্যবাহী কুরিয়ার সার্ভিসের গাড়ি চ্যানেলের কাজে ব্যবহার করার তথ্যও সঠিক নয়।
প্রতিবেদকের বক্তব্য: ইনসাইট টেলিকাস্ট কোম্পানি লিমিটেড নামে চ্যানেল সিক্সটিন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের কার্যালয় থেকে নিবন্ধন নিয়েছে ২০০৯-এর এপ্রিলে। তথ্য মন্ত্রণালয় কোনো লাইসেন্স দেয়নি। সাদা কাগজে প্রতিবাদ জানালেও গত বুধবার রাতে মুঠোফোনে যোগাযোগ করলে হাসিনা দৌলা বলেন, কিছু প্রতারক তাঁর নাম ব্যবহার করে চ্যানেল সিক্সটিন চালাচ্ছেন। তাঁরা টাকাও নিয়েছেন অনেকের কাছ থেকে। গত মঙ্গলবার এ জন্য তিনি আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এসএ টিভির অনিয়মিত বেতন-ভাতার কথা ওই টিভির সংবাদকর্মীরাই নাম না প্রকাশের শর্তে প্রথম আলোকে জানিয়েছেন।
এদিকে বিটিআরসির কার্যপত্র অনুযায়ী প্রকাশিত প্রতিবেদনে ৭১ টিভি তরঙ্গ ও বেতারযন্ত্র পরিচালনার লাইসেন্স পায়নি বলে উল্লেখ করা হয়। গত বুধবার বিটিআরসির সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, গত ৪ আগস্ট সংস্থাটি থেকে এ লাইসেন্স গ্রহণ করেন ৭১ টিভির কর্তৃপক্ষ। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দুঃখিত।