প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য
১৮ মার্চ প্রথম আলোয় প্রকাশিত ‘নিজের টেলিভিশন চ্যানেলের জন্য প্লট চান সাংসদ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ করেছেন ঢাকা-১৫ আসনের সাংসদ কামাল আহমেদ মজুমদার। তাঁর দাবি, কোনো বিধি সংশোধন করে তিনি প্লট বরাদ্দ চাননি। ক্ষমতা ব্যবহারের কোনো প্রশ্নই ওঠে না। তিনি কাউকে চাপ দেননি।
সরকারদলীয় এই সাংসদ প্রশ্ন রাখেন, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নীতিমালায় জমি বরাদ্দ দেওয়ার নিয়ম না থাকলে দু-তিন বছর ধরে কেন হয়রানি করা হলো? প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়ার পরও তারা এখন বলছে এটা বিধিবিধান বা নীতিমালার আওতায় পড়ে না।
সাংসদের মতে, সংবাদটি সঠিকভাবে উপস্থাপন না করে বিকৃতভাবে উপস্থাপন করে তাঁকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদনটির ভিত্তি হচ্ছে গত বছরের ১৭ নভেম্বর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২ নম্বর উপকমিটির একটি বৈঠকের কার্যপত্র। ওই কার্যপত্রেই বেসরকারি প্রতিষ্ঠানের অনুকূলে জমি প্রদান করতে বরাদ্দ নির্দেশিকা সংশোধনের বিষয়টি বিবেচনার প্রসঙ্গ উল্লেখ আছে। আছে মোহনা টেলিভিশনের অনুকূলে প্লট বরাদ্দে বিলম্বের কারণসংবলিত গৃহায়ণ কর্তৃপক্ষের ব্যাখ্যাও। প্রকাশিত প্রতিবেদনে এগুলোই উল্লেখ করা হয়েছে।