প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য
গত ৩১ আগস্ট প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘ফয়সাল ইনভেস্টমেন্টের নিবন্ধন বাতিল’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে ফয়সাল ইনভেস্টমেন্ট ফাউন্ডেশন (এফআইএফ)। প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম মোস্তফা স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রকাশিত প্রতিবেদনটি বানোয়াট, মনগড়া ও বিভ্রান্তিকর। যুবক ও আইটিসিএলের মতো কার্যক্রম চালানোর বিষয়টিও কাল্পনিক, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ২১ বছর ধরে কার্যক্রম চলাকালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এর অংশীদারদের কাছ থেকে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি।আরও বলা হয়েছে, এফআইএফ সোসাইটি আইন লঙ্ঘন করেনি, ব্যাংক ব্যবসাও করেনি। যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) নিয়মবহির্ভূত ও একতরফাভাবে এফআইএফের নিবন্ধন বাতিল করেছে। এফআইএফের চেয়ারম্যান এম আতাউর রহমান কখনো জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাঁর বিরুদ্ধে জঙ্গিদের মদদ দেওয়ার প্রসঙ্গ টেনে আনাও প্রতিবেদকের হীন কাজে লিপ্ত হওয়ার শামিল।শরিয়া বোর্ড না থাকলেও শরিয়াভিত্তিক ব্যবসা চালানো সম্ভব এবং সে মোতাবেকই এফআইএফের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকাকালীন এফআইএফের চেয়ারম্যান শরিয়া আইন সম্বন্ধে যথেষ্ট বাস্তবজ্ঞান অর্জন করেছিলেন। প্রতিবেদকের বক্তব্য: এফআইএফের কার্যক্রম নিয়ে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও আরজেএসসির মধ্যে এফআইএফের বিষয়ে যেসব চিঠিপত্র বিনিময় হয়েছে, সেগুলোর ভিত্তিতেই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। প্রথম আলোর কাছে এসবের দলিল রয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। প্রতিবেদন তৈরির আগে এফআইএফের চেয়ারম্যান ও ব্যবস্থাপকের সঙ্গে কথা বলা হয়েছে।