প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য
গত ১২ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত ‘গ্রাহকের ১৩৪ কোটি টাকা বিএইচ হারুনের পকেটে’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে প্রিমিয়ার ব্যাংক। ব্যাংকের আইন বিভাগের প্রধান উত্তমকুমার শীলের সই করা প্রতিবাদপত্রে বলা হয়েছে, অর্থ আত্মসাৎ ও চেক জালিয়াতির বিষয়টি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবাদপত্রে বলা হয়, রুমী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খলিলুর রহমান প্রিমিয়ার ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ না করায় খেলাপি তালিকাভুক্ত। তাঁর নামে মামলা রয়েছে। ২০১৩ সালের শেষে পাওনা আদায়ের চেষ্টা করলে তিনি ছলচাতুরী ও মিথ্যা তথ্যের আশ্রয় নেন। হিসাব বন্ধের পাঁচ বছর পর তাঁর অভিযোগ প্রতারণার শামিল ও বিভ্রান্তিমূলক কৌশল। তাঁর অভিযোগের তদন্তের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চাহিদা অনুযায়ী সহযোগিতা করেছে প্রিমিয়ার ব্যাংক। এক ব্যক্তির টাকা আরেক ব্যক্তির তুলে নিয়ে যাওয়া হাস্যকর, মিথ্যাচার ও মনগড়া।
প্রতিবেদকের বক্তব্য: ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে চেক জালিয়াতির মাধ্যমে কী প্রক্রিয়ায় ১৩৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন সাংসদ বিএইচ হারুন, সেটিই প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। প্রতিবেদন তৈরিতে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন, দুদকের অনুসন্ধান, খলিলুরের অভিযোগ, বিএইচ হারুনের দুবারের হলফনামা বিশ্লেষণ, প্রথম আলোর অনুসন্ধান এবং জালিয়াতি প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের বক্তব্য নেওয়া হয়েছে। সালিসের নামে সময়ক্ষেপণ করে গ্রাহকের নামে উল্টো মামলা করার কথাও রয়েছে প্রকাশিত প্রতিবেদনে। আর প্রকাশিত প্রতিবেদনের কোন অংশটি ভুল, প্রতিবাদপত্রের কোথাও তার উল্লেখ নেই।