প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ জানুয়ারি প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ‘খরচই কেবল বাড়ে, সেতু আর হয় না’ শীর্ষক সংবাদের ওপর বক্তব্য দিয়েছেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।
গতকাল শনিবার পাঠানো এক বক্তব্যে তিনি বলেছেন, দ্বিতীয় দফা ১২২১ কোটি টাকা ব্যয় বাড়িয়ে প্রকল্প সংশোধনের উদ্যোগ নেওয়া হয়নি। নদীশাসন ও সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের অন্তর্ভুক্ত নয়। এটি নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়মিত কাজ। নদীশাসন ও মূল সেতু নির্মাণের কাজ একই সঙ্গে চলবে। তিনি দাবি করেছেন, অতিরিক্ত নদীশাসনের কাজ সেতু বিভাগের অধীনে ন্যস্ত হলেই প্রকল্পে অতিরিক্ত ব্যয় যুক্ত হবে।
মূল সেতু নির্মাণকাজ এক থেকে দেড় বছর পেছাতে পারে, এটা সঠিক তথ্য নয় বলে প্রকল্প পরিচালক মন্তব্য করেছেন।
প্রকল্প পরিচালক আরও দাবি করেছেন, প্রকল্পের জাজিরা সংযোগ সড়ক, টোল প্লাজা ও অন্যান্য সুবিধা নির্মাণকাজের অগ্রগতি ১০ শতাংশের বেশি।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে ব্যবহূত সব তথ্য বস্তুনিষ্ঠভাবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কর্তৃক প্রস্তুতকৃত প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে। ইআরডির প্রতিবেদনেই পদ্মা সেতু প্রকল্পের আওতায় অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এখানে প্রতিবেদকের মনগড়া কোনো তথ্য দেওয়ার সুযোগ নেই।
তবে ইআরডির প্রতিবেদন অনুযায়ী, জাজিরা সংযোগ সড়ক, টোল প্লাজা ও অন্য সুবিধাদি নির্মাণকাজের বাস্তব অগ্রগতি ৩ শতাংশ, যা ভুলবশত ১ শতাংশ ছাপা হয়েছে।