প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৬ মার্চ প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘প্রিমিয়ার ব্যাংকে জালিয়াতি-আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে অর্থ মন্ত্রণালয়’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এ এম মাজেদুর রহমান। প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রতিবেদনে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) আবু হানিফ খানকে কথিত বিষয়ে জড়িত করা হয়েছে। অথচ তিনি ২০০৭ সালের ৩০ অক্টোবর থেকে ২০০৯ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই ব্যাংকে কর্মরত ছিলেন না। এ কারণেই স্পষ্ট যে, প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ নয় বরং উদ্দেশ্যমূলক। প্রতিবেদনটি ব্যাংকের সুনামের ক্ষতি করেছে।
রুমি এন্টারপ্রাইজের খলিলুর রহমানের যে তথ্য দিয়ে অর্থ আত্মসাৎ ও চেকের জালিয়াতির ঘটনার অবতারণা করা হয়েছে, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এই ব্যাংকের ঋণখেলাপি খলিলুর রহমানের বিরুদ্ধে মামলা রয়েছে। ২০১৩ সালের শেষ দিকে পাওনা টাকা আদায়ের চেষ্টা করলে খলিলুর ছলচাতুরী ও মিথ্যা তথ্যের আশ্রয় নেন। প্রতিবাদপত্রে বলা হয়, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনকে চাহিদা মোতাবেক সর্বাত্মক সহযোগিতা করেছে প্রিমিয়ার ব্যাংক। এ বিষয়ে অসহযোগিতা ভিত্তিহীন।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনটি তৈরি করা হয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মন্তব্য, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের চিঠি, চিঠির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের জবাব এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের সঙ্গে কথা বলে। প্রতিবেদনের কোথাও বলা হয়নি, আবু হানিফ খান ২০০৭ সালের ৩০ অক্টোবর থেকে ২০০৯ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রিমিয়ার ব্যাংকে কর্মরত ছিলেন। ১৩৪ কোটি টাকা আত্মসাতের মূল অভিযুক্ত ব্যাংকের পরিচালক ও সাংসদ বজলুল হক হারুনের সঙ্গে খলিলুরের মীমাংসা করিয়ে দেওয়ার জন্য তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের ১৫ তলায় কমপক্ষে ১৫ বার সালিসের নেতৃত্ব দিয়েছেন। আর এক ব্যক্তির টাকা আরেক ব্যক্তি কীভাবে তুলে নিয়ে গেছেন, প্রথম আলোর ১২ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে।