প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বক্তব্য
‘পজেশন বিক্রি করে টাকা নিয়েছেন, ক্ষমতা দেখিয়ে দোকানও নিয়ে গেছেন’ শিরোনামে গত ১৪ মে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করেছেন ভবনের মালিক মনোয়ারা বেগম। দাবি করেন, তিনি এবং তাঁর জামাতা ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ফরিদুর রহমান খান ওরফে ইরানকে সামাজিকভাবে হেয় করার জন্য এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
মনোয়ারা বেগমের দাবি, লিখিত চুক্তির মাধ্যমে নব্বইয়ের দশকে দোকানগুলো ভাড়া দিয়েছিলেন তিনি। পূর্বানুমতি নিয়ে সাবলেট দেওয়া যাবে—এমন অধিকার দেওয়া হয়েছিল ভাড়াটিয়াদের। কিন্তু তাঁরা পূর্বানুমতি না নিয়ে সাবলেট দিয়ে চুক্তি ভঙ্গ করেন। পরে ভাড়াটিয়ারা নিজেই পজেশন বুঝিয়ে দেন মনোয়ারা বেগমকে এবং সাবলেট-গ্রহীতারা নিজ নিজ দোকানের মালামাল সরিয়ে নেন।
প্রতিবাদপত্রে আরও বলা হয়, ভবনের দোকানমালিকদের কাছে পজেশন বিক্রি করা হয়নি। দোকানের ক্ষতি সাধন করলে যাতে ক্ষতিপূরণ নেওয়া যায়, সে লক্ষ্যে সিকিউরিটি মানি নেওয়া হয়েছিল।
প্রতিবেদকের বক্তব্য: পজেশন নেওয়া দোকানমালিকদের সঙ্গে করা চুক্তিতে স্পষ্টই বলা আছে, ‘আপনাকে পজেশন হস্তান্তরের ক্ষমতা প্রদান করিলাম’। তবে শর্ত ছিল—পজেশন হস্তান্তরের আগে ভবনমালিকের পূর্বানুমতি নিতে হবে এবং বাজারদরের ১০ শতাংশ সিকিউরিটি মানি হিসেবে ভবনমালিক পাবেন। চুক্তিপত্রে সাবলেট দেওয়ার ক্ষমতার বিষয়ে কিছুই উল্লেখ নেই।
দোকানগুলোর পজেশন বিক্রি করা হয় ১৯৯৩ সালে। যদি শুধু ভাড়াই দেওয়া হতো, তাহলে ওই এলাকায় বর্তমানে কীভাবে এসব দোকানের ভাড়া ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৮০০ টাকা হয়—সেটার কোনো ব্যাখ্যা দেননি মনোয়ারা বেগম। বর্তমানে ফার্মগেটের ইন্দিরা রোড এলাকায় এ ধরনের একটি দোকানের মাসিক ভাড়া অবস্থানভেদে ১৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বলে খোঁজ নিয়ে জানা গেছে।
এ ছাড়া মালিকেরা স্বেচ্ছায় পজেশন বুঝিয়ে দিয়ে তাঁদের মালামাল নিয়ে গেছেন বলে দাবি করেছেন মনোয়ার বেগম। অথচ এই প্রতিবেদক ভবনের মূল গেটে তালা ঝুলিয়ে দোকান ভাঙতে দেখেছেন। প্রথম আলোর একজন ফটোসাংবাদিক এর ছবি তুলতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়, দীর্ঘ জেরা করে তাঁর পরিচয়পত্রের ছবিও তুলে রাখা হয়।
প্রতিবেদন প্রকাশের আগে বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হলে ফরিদুর রহমান খান প্রথম আলোকে বলেছিলেন, শ্বশুরবাড়ির সঙ্গে তাঁর সম্পর্ক ভালো না।