প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ ও ৯ এপ্রিল প্রথম আলোয় প্রকাশিত দুটি প্রতিবেদনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

১. প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেনের সই করা প্রতিবাদপত্রে বলা হয়, ‘নকশায় পরিবর্তন, নিরবচ্ছিন্ন ব্যান্ডউইটথ প্রাপ্তি অনিশ্চিত’ শীর্ষক প্রতিবেদনে সাবমেরিন কেবলের অভ্যন্তরীণ অবকাঠামো ১০ জিবিপিএস সক্ষমতার কথা বলা হয়েছে। এই তথ্য অসত্য ও ভিত্তিহীন। মূল সাবমেরিন কেবলের মতো ব্যাকহোল লিংকেরও একক ব্যান্ডউইটথ পরিবহনক্ষমতা ১০০ জিবিপিএস।

২. ‘পদে পদে অনিয়ম তিন সরকারি কোম্পানির’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে বলা হয়েছে, কুয়াকাটা থেকে ঢাকা পর্যন্ত ব্যাকহোল লিংকটি দ্বিতীয় সাবমেরিন কেব্‌ল প্রকল্পের কোনো অংশ নয়। এই প্রকল্পের যন্ত্রপাতি সরবরাহকারী ভারতীয় প্রতিষ্ঠান তেজাশের বিষয়ে প্রতিবাদে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি ১০০ জিবিপিএস সক্ষমতার যন্ত্রপাতি তিনটি দেশে সরবরাহ করেছে।

প্রতিবেদকের বক্তব্য

১. প্রতিবেদনের মূল্য বক্তব্য ছিল, নকশা পরিবর্তন করে নিরবচ্ছিন্ন ব্যান্ডউইটথ প্রাপ্তি অনিশ্চিত করে ফেলা হয়েছে। এ বিষয়ে প্রতিবাদে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। পরিবর্তিত নকশা অনুযায়ী ব্যাকহোল লিংক দিয়ে নিরবচ্ছিন্নভাবে ২০০ জিবিপিএস ব্যান্ডউইটথ সরবরাহের শর্ত রয়েছে। কিন্তু ব্যাকহোল লিংক দিয়ে কুয়াকাটা থেকে ঢাকায় কত জিবিপিএস আসছে, সেটা বলা হয়নি। প্রতিবাদপত্রে বলা হয়েছে, সিঙ্গাপুর ও ঢাকার মধ্যে ব্যবহার করা পরীক্ষামূলক সার্কিট দিয়ে ১০ জিবিপিএস ব্যান্ডউইটথ আনা-নেওয়া হচ্ছে, যা প্রকারান্তরে প্রথম আলোর প্রতিবেদনের সত্যতা স্বীকার করা হয়েছে।

২. ব্যাকহোল লিংক ছাড়া ল্যান্ডিং স্টেশন পর্যন্ত ব্যান্ডউইটথ নিয়ে আসার কোনো মূল্য নেই। এটি ছাড়া দ্বিতীয় সাবমেরিন কেবলের ব্যান্ডউইটথ ঢাকাসহ সারা দেশে পরিবহন করা সম্ভব নয়। তাই ব্যাকহোল লিংক দ্বিতীয় সাবমেরিন কেবলের অংশ নয়, এমন দাবি অযৌক্তিক।

কাজের অভিজ্ঞতা হিসেবে তেজাশের কম্বোডিয়ায় কাজ করার সনদ যে ভুয়া, সেটি প্রতিবেদনে সুনির্দিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে।