প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাল র‌্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সদ্য পদোন্নতি পাওয়া ৪৮ এসপিকে র‌্যাবে পদায়ন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে র‌্যাব। গতকাল বুধবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন ওই প্রতিবাদলিপি পাঠান।

এতে বলা হয়েছে, সরকারি বিধিমালা ও আদেশের ভিত্তিতে বিভিন্ন বাহিনী থেকে আসা কর্মকর্তাদের পদ/পদায়ন নির্ধারিত রয়েছে। সে হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এবং পুলিশের এসপি পদমর্যাদার কর্মকর্তা র‌্যাবে উপপরিচালক হিসেবে কাজ করে থাকেন। একইভাবে সেনাবাহিনীর লে. কর্নেল এবং পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদবির কর্মকর্তা র‌্যাবে পরিচালক হিসেবে পদায়নের বিষয়ে সুনির্দিষ্ট করা আছে। তা ছাড়া র‌্যাব ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের উল্লেখ করেছে। এটিকে তারা বলছে আন্তঃবাহিনীসহ বিভিন্ন সংস্থার জ্যেষ্ঠতা নির্ধারণের সুস্পষ্ট দলিল। ওই বিধিতে লে. কর্নেল পদমর্যাদার কর্মকর্তাকে ২৪ নম্বর টেবিলে এবং এসপি পদমর্যাদার কর্মকর্তাকে ২৫ নম্বর টেবিলে (মেজর পদমর্যাদার সমতুল্য) উপস্থাপনের মাধ্যমে জ্যেষ্ঠতা স্পষ্ট করা হয়েছে। র‌্যাব বলছে, এর অর্থ একজন লে. কর্নেল পদবির কর্মকর্তা অতিরিক্ত উপমহাপরিদর্শকের সমতুল্য এবং এসপি পদমর্যাদার কর্মকর্তার চেয়ে জ্যেষ্ঠ।

প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে পুলিশ ও র‌্যাব দুই পক্ষের বক্তব্যই নেওয়া হয়েছিল এবং যথাযথভাবে উপস্থাপন করা হয়। আর রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে কে কোথায় বসবেন, তা নির্ধারণে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুসৃত হবে বলে বলা আছে।