প্রকাশিত সংবাদের প্রতিবাদে ছাত্রলীগের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় একটি বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে বসা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ প্রেসক্লাবে উপজেলা ছাত্রলীগ এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন। তিনি বলেন, ‘রোববার বিভিন্ন পত্রিকায় এর আগের দিন শনিবারের একটি সংঘর্ষের ঘটনা নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তার সঙ্গে হোসেনপুর উপজেলা বা পৌর ছাত্রলীগের সম্পর্ক নেই। যাঁরা ঘটনাটি ঘটিয়েছেন, তাঁরা উপজেলা ছাত্রলীগ কিংবা কোনো ইউনিটের নেতা-কর্মী নন। এটা স্বাধীনতাবিরোধীদের কাজ। পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন। তাঁদের মাঝে বিরোধ নেই।’
গত শনিবার হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে বসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে চারজন আহত হন। এ সময় পৌর সদরে রামদা ও রড নিয়ে দিনব্যাপী মহড়া দেওয়া হয়। এ নিয়ে পরদিন বিভিন্ন পত্রিকায় সংঘর্ষ ও রামদা নিয়ে মহড়ার ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হয়।
সংবাদ সম্মেলনে হোসেনপুর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী বক্তব্য দেন।