প্রকাশিত সংবাদের প্রতিবাদে প্রধান শিক্ষকদের মিছিল-সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রথম আলো পত্রিকায় উপজেলার ১৭১টি বিদ্যালয়ে স্কুল লার্নিং ইমপ্রুভমেন্ট প্রজেক্টের “স্লিপ” প্রকল্পের টাকা আত্মসাতের খবর প্রকাশ করা হয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কারণ প্রধান শিক্ষকেরা সবাই চোর নন।’
গতকাল সোমবার রংপুরের বদরগঞ্জ উপজেলা শিক্ষা কার্যালয় থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদ জানিয়ে মিছিল বের করেন। পরে তাঁরা স্থানীয় শহীদ মিনারে সভা করেন। সেখানে বক্তারা ওই কথা বলেন।
গত ১১ সেপ্টেম্বর প্রথম আলোর শেষ পাতায় ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বরাদ্দের টাকা আত্মসাৎ?’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে উপজেলার ৩১টি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে এবং আরও ৬৫টি বিদ্যালয়ে খোঁজ নিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উল্লেখ করা হয়।
প্রতিবেদনে ১৭১টি বিদ্যালয়ে টাকা আত্মসাতের অভিযোগ উল্লেখ করা হয়নি, এরপরও কেন তা বলা হলো—এর জবাবে সভায় বক্তব্য দানকারী প্রধান শিক্ষক আনোয়ারুল হক বলেন, ‘অনেক শিক্ষক ওই খবর না পড়েই বক্তব্য দিয়েছেন। সংবাদটি পড়ার পর দেখলাম সব বিদ্যালয়ের বিরুদ্ধে খবর প্রকাশ করা হয়নি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, গতকাল দুপুরে বদরগঞ্জের ১৭১টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা পরিষদ হলরুমে মাসিক সভা করেন। সেখানে উপজেলা শিক্ষা কর্মকর্তা ওই সংবাদের সূত্র ধরে স্লিপের টাকা আত্মসাতের অভিযোগ তুললে প্রধান শিক্ষকেরা হইচই শুরু করেন। একপর্যায়ে তাঁরা সেখান থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় শহীদ মিনারে এসে মাইক টানিয়ে প্রতিবাদ সভা করেন।
প্রধান শিক্ষক আতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শিক্ষকনেতা ফজলুল হক ও আনোয়ারুল হক।
সভায় হাবিবুর রহমান বলেন, প্রথম আলোর সাংবাদিক উপজেলার ১৭১টি স্কুলে স্লিপের টাকা আত্মসাতের মিথ্যা খবর প্রকাশ করেছেন। ওই সাংবাদিক নিজে চাঁদা তোলেন না। লোক লাগিয়ে চাঁদা তোলেন। টাকা না পেলে মিথ্যা সংবাদ প্রকাশ করেন। সাংবাদিকেরা যা খুশি লিখতে পারেন না। তিনি ভবিষ্যতে সাংবাদিকদের আর কোনো বিদ্যালয়ের মাঠে প্রবেশ করতে দেওয়া হবে না বলে হুমকি দেন।
তবে নির্দিষ্ট করে যেসব বিদ্যালয়ে স্লিপের টাকায় কাজ না করে আত্মসাতের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল সেসব বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা কেউই প্রতিবাদ সভায় বক্তব্য দেননি।
উপজেলা শিক্ষা কার্যালয়ের একাধিক সূত্র ও একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা জানিয়েছেন, প্রথম আলোয় স্লিপ প্রকল্পের টাকা তুলে কাজ না করে আত্মসাতের খবর প্রকাশের পর অভিযুক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখাতে তালিকা অনুযায়ী তড়িঘড়ি করে কাজ শুরু করে দিয়েছেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি হয়নি বলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ জানিয়েছেন।