প্রকাশিত সংবাদের বিষয়ে আইনি নোটিশ ও প্রথম আলোর বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় গত ৩ জানুয়ারি ‘আ.লীগের প্রার্থী জয়ী হলে মন্ত্রী করবেন শিশুপার্ক!’ শিরোনামে প্রকাশিত খবরের বিষয়ে ফরিদপুর জজকোর্টের আইনজীবী বিশ্বজিৎ গাঙ্গুলী প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধিকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, প্রকাশিত খবরটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন তাঁর বদরপুরের বাসভবন আফসানা মঞ্জিলে ফরিদপুর পৌরসভার কোনো নির্বাচনী প্রচারণা সভা করেননি। আফসানা মঞ্জিল পৌরসভার বাইরে কৈজুরী ইউনিয়নে অবস্থিত। নোটিশে দাবি করা হয়েছে, পৌর শিশুপার্কের বিষয়ে ফরিদপুর পৌরসভা অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছে। সেখানে একটি সাইনবোর্ডও টানানো আছে। ফলে শিশুপার্কের বিষয়টি নতুন কিছু নয়। নির্বাচনী প্রচারণার কোনো অংশও হতে পারে না। জেলা নির্বাচন কর্মকর্তা জগন্নাথ সাহার বরাত দিয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে, তাও যথাযথভাবে পরিবেশিত হয়নি। প্রতিবেদকের বক্তব্য: খবরের কোন অংশটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, তা ওই নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। আফসানা মঞ্জিল যে ফরিদপুর পৌরসভা থেকে দুই কিলোমিটার দূরে, তা ওই খবরেই উল্লেখ আছে। গত ২ জানুয়ারি দুপুরে আফসানা মঞ্জিলে শ্রমমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে প্রথম আলোতে যা ছাপা হয়েছে, তা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ। এ-সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য-উপাত্ত প্রথম আলো কার্যালয়ে সংরক্ষিত আছে। প্রকাশিত প্রতিবেদনে জেলা নির্বাচন কর্মকর্তার বক্তব্যে ‘কোনো মন্ত্রী’ এ শব্দ দুটো উল্লেখ আছে। তাঁর উদ্ধৃতির কোথাও শ্রমমন্ত্রীর কথা উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে জেলা নির্বাচন কর্মকর্তার বক্তব্য এবং তিনি পরে যে ব্যাখ্যা দিয়েছেন, তার মধ্যে কোনো সাংঘর্ষিক উপাদান নেই।