প্রকাশিত সংবাদের বিষয়ে চিফ হুইপের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ ডিসেম্বর প্রথম আলোর ১৬ পৃষ্ঠায় ‘ফের জুতা পায়ে স্বাধীনতাস্তম্ভে চিফ হুইপ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।
প্রতিবাদপত্রে তিনি বলেছেন, ‘সংবাদটির প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং আমি এ সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে পটুয়াখালী জেলার বাউফল উপজেলা চত্বরে স্বাধীনতাস্তম্ভের বেদিতে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ জুতা পায়ে শহীদদের স্মৃতির উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রকৃতপক্ষে স্বাধীনতাস্তম্ভটি মুক্তিযোদ্ধা মঞ্চে অবস্থিত। আপনার পত্রিকায় প্রকাশিত ছবিদৃষ্টে সহজেই বোধগম্য হয় যে কোনটি মঞ্চ আর কোনটি স্তম্ভ। মঞ্চে জুতা পায়ে ওঠা নিষিদ্ধ নয়। সাভার স্মৃতিসৌধ হতে শুরু করে সকল স্মৃতিস্তম্ভ চত্বরে খালি পায়ে কেউ পুষ্পস্তবক অর্পণ করেন না। শুধুমাত্র আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সাংবাদিক এ ধরনের অপবাদমূলক সংবাদ প্রচার করেছেন।’ তিনি বলেছেন, ‘রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিবর্গ কখনোই খালি পায়ে স্বাধীনতা বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন না। বেদি এবং মঞ্চ/ চত্বর সম্পূর্ণ আলাদা। শুধুমাত্র ভাষা আন্দোলনের শহীদদের মিনারে বা প্রভাতফেরিতে খালি পায়ে যাওয়ার রেওয়াজ রয়েছে।’
প্রতিবাদপত্রে চিফ হুইপ বলেছেন, ‘নিজ নির্বাচনী এলাকায় সর্বজনবিদিত একজন বীর মুক্তিযোদ্ধা এবং দীর্ঘদিনের পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি হিসেবে শহীদদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভাবগাম্ভীর্যের বিষয়ে আমি যথেষ্ট সচেতন। এ সংবাদের মাধ্যমে সাংবাদিক তাঁর জ্ঞানের ক্ষুদ্রতা প্রকাশ করেছেন মাত্র। স্বাধীনতাবিরোধী বা কোনো রাজনৈতিক প্রতিপক্ষের প্ররোচনায় আমার মতো লাখো মুক্তিযোদ্ধার অর্জনকে হেয় করার মানসে এ ধরনের অপপ্রচারমূলক সংবাদ পরিবেশন করা হয়েছে বলে আমি মনে করি। এতে আমার মর্যাদা ও সম্মানের হানি হয়েছে।’