প্রকাশিত সংবাদের বিষয়ে বিসিআইসির বক্তব্য
প্রথম আলোয় গত ১২ অক্টোবর ‘বিসিআইসির বস্তায় সার কম’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বিসিআইসি। গতকাল মঙ্গলবার সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) চৌধুরী মো. ইশরাত শামীম স্বাক্ষরিত ব্যখ্যায় বলা হয়েছে, চলতি অর্থবছর সৌদি আরবের সরকারি প্রতিষ্ঠান সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন থেকে পাঁচটি জাহাজে এক লাখ মেট্রিক টন ইউরিয়া আমদানি করা হয়েছে। এর মধ্যে এমভি ব্লেসিং এসডব্লিউ জাহাজে ১৫ হাজার ৭৫০ মেট্রিক টন সার ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার আমদানি করা হয়। ওই সারের মধ্যে ৩৫০০ মেট্রিক টন সার খুলনার শিরোমণি বাফার গুদামে দেওয়া হয়। এর মধ্যে ৪৩-৪৫ কেজি পাওয়া গেছে ৬৩ বস্তায়, ৪৮-৪৯ কেজি পাওয়া গেছে ১১৫ বস্তায় ও ৫১-৫২ কেজি পাওয়া গেছে ৩৬০ বস্তায়। বাকি সব বস্তায় ৫০ কেজি করে সার রয়েছে। ৫০ কেজির কম ওজনের কোনো বস্তা ডিলারদের সরবরাহ করা হবে না। বিষয়টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। এ ছাড়া তদন্তে একটি কমিটি করেছে বিসিআইসি।