প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
১৭ জুলাই প্রথম আলোয় ‘মুমূর্ষু অন্তঃসত্ত্বার চেয়ে স্বাস্থ্য উপদেষ্টার প্রটোকল বড়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন এবং ‘অ্যাম্বুলেন্স প্রটোকলে রোগী উপেক্ষিত’ শিরোনামে প্রকাশিত সম্পাদকীয়ের ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টার একান্ত সচিব। ব্যাখ্যায় বলা হয়, প্রকাশিত সংবাদের মূল চেতনার সঙ্গে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণবিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী একমত। ১৬ জুলাই একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি সরিষাবাড়ীতে যান। কিন্তু সরিষাবাড়ীতে অবস্থানকালে তিনি বা তাঁর সফরসঙ্গীরা প্রটোকলের কাজে কোনো অ্যাম্বুলেন্স দেখেননি। ব্যাখ্যায় আরও বলা হয়, পত্রিকার সংবাদ থেকে স্বাস্থ্য উপদেষ্টা বিষয়টি সম্পর্কে স্বাস্থ্য মহাপরিচালককে জানান। তিনি বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলেন। তিনি সব সময় এসব অতি-উৎসাহীর ব্যাপারে কঠোর অবস্থান নেন। অযাচিত প্রটোকল ও সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় উপস্থিতি এর আগেও কয়েকবার নিরুৎসাহিত করেছেন।