প্রকাশিত সংবাদের ব্যাখ্যা
৫ মে প্রথম আলোয় প্রকাশিত ‘চিকিৎসকের অবহেলায় শিক্ষকের মৃত্যুর অভিযোগ, মানববন্ধন’ শীর্ষক খবর সম্পর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান হাসিনা আখতার।এক বিবৃতিতে হাসিনা আখতার জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক প্রদীপ কুমার পান্ডের সন্তানসম্ভবা স্ত্রী চৈতালী পান্ডে তাঁর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। ২৬ এপ্রিল সন্ধ্যা থেকে তিনি মুঠোফোনের মাধ্যমে ওষুধ সেবনসহ বিভিন্ন পরামর্শ দিচ্ছিলেন। হাসপাতালে ভর্তির পর ব্যক্তিগতভাবেও ওই রোগীর বিষয়ে ওয়ার্ডের অন্য চিকিৎসকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করেন। রাত ১১টার দিকে ওই ওয়ার্ডে গিয়ে তিনি রোগীর খোঁজখবর নেন। চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল ভোরে চৈতালী পান্ডে মারা যান, যা দুঃখজনক। হাসিনা আখতার দাবি করেন, চিকিৎসায় তাঁর কোনো ধরনের অবহেলা ছিল না।